লন্ডনে ইউনূস-তারেক বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ১০, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ১০, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
লন্ডনে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হচ্ছে আগামী ১৩ জুন। লন্ডনের স্থানীয় সময় সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সাক্ষাৎকে স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। প্রত্যাশা করছি যে, এটা বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো আছে তা কাটিয়ে উঠতে পারে। একইসঙ্গে ব্যক্তিগতভাবে মনে করছি, সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট এ অবস্থায় সেটি একটা বড় ইভেন্ট, এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। সরকারের প্রধান উপদেষ্টা যে হোটেলে থাকবেন সেখানে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাৎ হওয়াটা একটি বড় ইভেন্ট বলে আমি মনে করি। মেজর পলিটিক্যাল ইভেন্ট। অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, অনেক কিছু সহজ হতে পারে। নতুন ডাইমেনশনের সৃষ্টি হতে পারে। এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের ওপরে যে তারা এটি কিভাবে সম্ভাবনার দিকে নিয়ে যাবে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপি বিপ্লবী দল নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। যে কোনো সময় ভোটের প্রস্তুতির জন্য প্রস্তুত বিএনপি।’
জনতার আওয়াজ/আ আ