লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা, আটক ২
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ৫, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ৫, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ

ব্রাজিলে মার্কিন পপ গায়িকা লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা করেছিল দুষ্কৃতকারীরা। তবে, তা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এরই মধ্যে হামলা পরিকল্পনার মূল হোতা ও এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। কনসার্ট শেষ হওয়ার পরদিন, গতকাল রোববার এই ঘটনা প্রকাশ করে ব্রাজিল পুলিশ। এমনকি লেডি গাগা ও তার টিমও সংবাদমাধ্যমে খবর দেখে প্রথম এ তথ্য জানতে পারে বলে জানা গেছে। লেডি গাগার একজন মুখপাত্র দ্য হলিউড রিপোর্টারকে বলেন, আমরা গণমাধ্যমের খবরে আজ সকালে এই কথিত হুমকির কথা জানতে পেরেছি। কনসার্টের আগে কিংবা চলাকালীন কোনো নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ ছিল না এবং পুলিশ বা কর্তৃপক্ষের পক্ষ থেকে লেডি গাগাকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে কিছু জানানো হয়নি।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পরিকল্পনাকারীরা হাতে বানানো বোমা ব্যবহার করে হামলার পরিকল্পনা করছিল। লেডি গাগার কনসার্টে হামলা চালিয়ে তারা মূলত আলোচনায় আসতে চেয়েছিল, পরিচিত হতে চেয়েছিল বিশ্ববাসীর কাছে। পুলিশ আরও জানায়, এই হামলার পরিকল্পনায় যারা যুক্ত ছিল তারা সবাই এলজিবিটিকিউ কমিউনিটি বিরোধী। জড়িতদের বেশির ভাগই শিশু ও কিশোর বলেও জানানো হয়েছে। মূল পরিকল্পনাকারী অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগেও অভিযুক্ত। আটক অন্য কিশোরটিকে হামলার পরিকল্পনায় যুক্ত থাকার পাশাপাশি শিশু পর্নোগ্রাফি কনটেন্ট রাখার অভিযোগে আটক করা হয়েছে। এই অপরাধচক্রটির বিরুদ্ধে শিশু-কিশোরদের চরমপন্থা, যেমন—সহিংসতা এমনকি নিজের ক্ষতি করার মতো বিষয়গুলোতে উৎসাহিত করার অভিযোগ রয়েছে।
নিজের অষ্টম অ্যালবাম ম্যাহেম-এর প্রচারের অংশ হিসেবে গত শনিবার ব্রাজিলে কনসার্ট করেন লেডি গাগা। লেডি গাগার কনসার্ট দেখতে কোপাকাবানা সমুদ্র সৈকতে জড়ো হয়েছিল ২১ লাখের বেশি মানুষ। এর আগে ২০১২ সালে ব্রাজিলে পারফর্ম করেছিলেন মার্কিন এই পপ তারকা।
জনতার আওয়াজ/আ আ