শত বাঁধা, মৃত্যু ভয় উপেক্ষা করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা: হানিফ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শত বাঁধা, মৃত্যু ভয় উপেক্ষা করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা: হানিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বঙ্গবন্ধু কখনো মৃত্যু ভয়ে আপস করেননি, স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য লড়াই-সংগ্রাম করেছেন কখনো ভীত হননি। ঠিক তেমনি বঙ্গবন্ধু কন্যাও মৃত্যুকে তুচ্ছ করে ১৭ মে দেশে ফিরে এসেছিলেন। শেখ হাসিনাকে ১৯ বারের বেশি হত্যাচেষ্টা করা হয়েছে। শত বাঁধা, মৃত্যু ভয় উপেক্ষা করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।’

বুধবার (১৭ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন।

পশ্চিমা বিশ্বের সমালোচনা করে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘একাত্তরে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের তাঁবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে তারাই এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’

তিনি বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের লক্ষ্য দেশের উন্নয়নকে স্তব্ধ করা, আইনের শাসন ধ্বংস করা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ড ছিল পৃথিবীর সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। বঙ্গবন্ধুর খুনিকে আশ্রয় দিয়ে তারা বিচারের রায় কার্যকরের পথ বন্ধ করে দিয়েছে। আজ তারা কোন মুখে মানবাধিকারের কথা বলে?’

তিনি আরও বলেন, ১৭ মে জাতির জন্য ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। ১৯৪৭ সালে দেশভাগের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৩ বছর লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলেও তার পূর্ণতা ছিল না। ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু যখন দেশে আসলেন সেদিন বিজয় পূর্ণতা পেয়েছিল।

তিনি বলেন, এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করা হয়েছিল। দেশের উন্নয়ন-অগ্রগতিকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারী খুনি জিয়া রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীকে নির্যাতন করেছিল। লাখ লাখ নেতাকর্মীকে বিনা বিচারে জেলে রাখা হয়েছিল। দেশ দুর্বিষহ ও দুঃসময় পার করছিল। এরকম পরিস্থিতিতে শেখ হাসিনা শত বাঁধা, ভয় উপেক্ষা করে বাঙালির মুক্তির জন্য মৃত্যুর মুখে দেশে ফিরেছিলেন।

তিনি আরও বলেন, আজ ৪২ বছর পর এ দেশের পানি অনেক গড়িয়েছে। ২০০৮ সালে নির্বাচনে বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করার মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন জননেত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালের পর মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করা হয়েছিল। বঙ্গবন্ধুকন্যা রাজাকার-আলবদরদের বিচার করে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় নিয়ে এসেছেন। যে বাংলাদেশে ছিল চরম দারিদ্র। আজ চরম দারিদ্র্যসীমা ৫ শতাংশের কাছে নেমে এসেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ আজ বিশ্বে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজ প্রমাণিত হয়েছে, বঙ্গবন্ধুকন্যা মুক্তির আলোকবর্তিকা হয়ে দেশে ফিরে এসেছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ