শনিবার মফস্বলে ভাঙচুর চালানোর পরিকল্পনা আছে বিএনপির: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন। এই দিন মফস্বলে বিএনপির ভাঙচুর-অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ক্ষেত্রে নেতাকর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগের সম্মেলনস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শনিবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করার কথা ছিল বিএনপির। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আহ্বানে রাজধানীতে এই কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে ঢাকার বাইরে বিএনপির এই কর্মসূচি যথারীতি চলবে।
ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আজকে বিএনপি জোটের নেতৃত্ব দিচ্ছে, ১০ তারিখে তারা ফেল করেছে। তারা মাথা নত করবে না। তারা মরিয়া হয়ে নেমেছে। কারণ তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। কাজেই তারা এখন আন্দোলন, জ্বালাও-পোড়াও সন্ত্রাস এসব অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।’
তিনি বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি আগামীকাল ঢাকায় আমাদের সম্মেলন, তারা তাদের কর্মসূচি পিছিয়েছে, কিন্তু আগামীকাল সারা বাংলাদেশে তাদের কিন্তু প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রাম উপলক্ষে অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে চায়। গাড়ি ভাঙচুর, গাড়ি গোড়াতে শুরু করেছে। মফস্বলে ভাঙচুর-অগ্নিসংযোগ তাদের এ ধরনের প্রোগ্রাম রয়েছে।’
জনতার আওয়াজ/আ আ