শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২০, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২০, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের আপোষহীন সিংহপুরুষ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মরহুম শফিউল আলম প্রধান এর আগামীকাল (২১ মে) ৭ম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আসাদগেটে নিজ বাসায় ইন্তেকাল করেন।

শফিউল আলম প্রধান ১৯৪৯ সালের ১লা জানুয়ারি পঞ্চগড় জেলার টোকরা ভাষা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি তৎকালীন প্রাদেশিক পাকিস্তানের আইন পরিষদের স্পীকার এ্যাড. মৌলভী গমির উদ্দিন প্রধানের ৩য় ছেলে। শফিউল আলম প্রধান ১৯৬৮ সালে শেখ বোরহানউদ্দিন কলেজের নির্বাচিত জিএস এবং ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের ভিপি নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়া অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ১৯৭২-৭৩ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৭৩-৭৪ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৪ সালের ৩০ মার্চ ছাত্রলীগের পক্ষে ক্ষমতাসীন দলের (আ’লীগ) দুর্নীতির তালিকা প্রকাশ করার কারণে শেখ মুজিব সরকার সে-সময়ের জনপ্রিয় ছাত্রনেতা শফিউল আলম প্রধান কে গ্রেফতার করেন।

শফিউল আলম প্রধান ১৯৭৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে ১৯৮০ সালের ৬ এপ্রিল জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা গঠন করেন। জাগপার ব্যানারে তিনি দেশ মাটি ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। আমেরিকা, রাশিয়া ও ভারতীয় আগ্রাসনবিরোধী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি রাজপথে ছিলেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, তিস্তার পানি, দহগ্রাম আংগুরপোতা, ফারাক্কা লংমার্চ, টিপাইমুখ বাঁধ, বেরুবাড়ী লংমার্চ, দিনাজপুরে ইয়াসমিন হত্যার আন্দোলন, সীমান্ত হত্যাসহ নানাবিধ ইস্যু নিয়ে বছরের পর বছর আন্দোলন করেছেন শফিউল আলম প্রধান। এ জন্য প্রতিটি সরকারের শাসনামলেই তাকে কারাগারে যেতে হয়েছে।

শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করে (পূত্র) জাগপা’র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, আমি গৌরববোধ করি আমি পিতার চেয়ে নেতা হিসেবে শফিউল আলম প্রধান কে কাছে পেয়েছি। একজন সাচ্চা দেশপ্রেমিক হিসেবে তিনি ছিলের উদার মনের রাজনীতিবিদ। শফিউল আলম প্রধান যেমন পরিবারকে নিজের চোখে দেখতেন এবং তেমনি দেশকে পরিবারের চোখে দেখতেন। পরিবার এবং দেশ ছিলো তাঁর কাছে একটি পরিবার। দেশবাসীর মত আমিও শফিউল আলম প্রধান এর শূণ্যতা মর্মে মর্মে অনূভব করছে।

তিনি দেশবাসীর কাছে মরহুম শফিউল আলম প্রধান এর রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া চেয়েছেন।

এদিকে শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও একই দিনে পঞ্চগড়, বগুড়া, যশোর, রংপুর দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী সহ বিভিন্ন জেলা, উপজেলা এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ