শফিক রেহমান-মাহমুদুর রহমানকে কারাদন্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এ্যাব - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শফিক রেহমান-মাহমুদুর রহমানকে কারাদন্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এ্যাব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৯, ২০২৩ ২:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৯, ২০২৩ ২:১৩ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়—কে অপহরণ এবং হত্যাচেষ্টার মিথ্যা মামলায় বিশিষ্ট টিভি উপস্থাপক ও যায়যায়দিন-এর প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমান এবং দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইঞ্জিনিয়ার ড. মাহমুদুর রহমানকে গতকাল (১৭ আগস্ট) পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদন্ড প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার হাছিন আহমেদ।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার ড. মাহমুদুর রহমান সাবেক জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের সাবেক আহবায়ক ও এ্যাবের সাবেক সভাপতি হিসেবে অতীতে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া একজন মজলুম সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার ড. মাহমুদুর রহমান বর্তমান অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ভূমিকা পালন করছেন।

আজ এক যৌথ বিবৃতিতে এ্যাবের নেতৃদ্বয় বলেন, বর্তমান প্রতিহিংসাপরায়ণ, স্বেচ্ছাচারী ও কতৃর্ত্ববাদী আওয়ামী সরকার কতৃর্ক ভিন্ন মতের মানুষদের নামে দায়েরকৃত মিথ্যা ও গায়েবী মামলায় কারাদন্ড প্রদানের ধারাবাহিকতায় অত্যন্ত জনপ্রিয় সিনিয়র সাংবাদিক শফিক রেহমান ও ইঞ্জিনিয়ার ড. মাহমুদুর রহমানকে বানোয়াট মামলায় সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এ ধরণের মামলা একটি অলীক কাহিনী। যারা ১/১১ সরকারের বিরুদ্ধে কথা বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়—অবিচারের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকেই ক্ষমতাসীন আওয়ামী সরকার টার্গেট করেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পাদকদের মধ্যে অন্যতম জনাব শফিক রেহমানের ‘যায়যায়দিন’ পত্রিকাটি গণতান্ত্রিক আন্দোলন ও তরুণ সমাজে অত্যন্ত সমাদৃত। ইঞ্জিনিয়ার ড. মাহমুদুর রহমান গণতন্ত্রের জন্য একজন অকুতোভয় সৈনিক। তিনি একজন মজলুম সম্পাদক হিসেবে দৈনিক আমার দেশ পত্রিকাকে পাঠক নন্দিত একটি জনপ্রিয় গণমাধ্যমে রূপ দিয়েছেন। ইঞ্জিনিয়ার ড. মাহমুদুর রহমান মানেই দৈনিক আমার দেশ এবং পত্রিকাটি তাঁর সম্পাদনায় সর্বদা স্বাধীনতার কথা বলে। এই দুই খ্যাতিমান সম্পাদককে মিথ্যা ও সাজানো মামলায় দেয়া ফরমায়েশী রায়ে প্রমাণিত হয় যে, বর্তমান ফ্যাসিস্ট সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। জনগণ এই ফরমায়েশী রায়কে প্রত্যাখান করেছে। এ ধরণের সাজা প্রদানের ঘটনা অবৈধ আওয়ামী সরকারের গভীর নীলনকশারই অংশ। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুর্বিনীত অনাচার ও রাষ্ট্র পরিচালনার সর্বক্ষেত্রে চরম ব্যর্থতার বিরুদ্ধে জনগণ যখন রাজপথ কাঁপিয়ে তুলছে তখন অবৈধ শাসকগোষ্ঠী দ্বিকবিদিক জ্ঞানশুন্য হয়ে পড়েছে। আর তাই জনাব শফিক রেহমান ও ইঞ্জিনিয়ার ড. মাহমুদুর রহমানের মতো দু’জন শীর্ষস্থানীয় জনপ্রিয় সম্পাদককে কারাদন্ড দেয়া হয়েছে।

এ্যাবের সভাপতি ও মহাসচিব বলেন, আদালতকে নিয়ন্ত্রণ করে আওয়ামী অবৈধ সরকার স্বীয় উদ্দেশ্য বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। তবে রাষ্ট্রযন্ত্রকে দিয়ে আওয়ামী সরকারের জুলুম—নির্যাতনের বিরুদ্ধে জনগণ এখন দৃঢ় সংকল্প নিয়ে রাজপথে নেমে এসেছে। যত চক্রান্ত ও ষড়যন্ত্র করা হোক না কেন, জনগণ আর ভোটারবিহীন তামাশার নির্বাচন করতে দিবে না। আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবে জনগণ।

আমরা এ্যাবের পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইঞ্জিনিয়ার ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত প্রতিহিংসামূলক মামলায় ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদানের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের পাশাপাশি তাঁদের সাজা বাতিলের জোর আহবান জানাচ্ছি।প্রেস রিলিজ

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ