শমসের মবিনের পাশে আওয়ামী লীগের নেতারা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ১২:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ১২:২৩ পূর্বাহ্ণ

ওয়েছ খছরু, সিলেট থেকে
দ্রুতই পাল্টে গেছে সিলেট-৬ আসনের নির্বাচনের দৃশ্যপট। তৃণমূল বিএনপি প্রার্থী শমসের মবিনের
পাশে দাঁড়াতে পারে আওয়ামী লীগ। সেই গুঞ্জন সত্য নয়। গোলাপগঞ্জ আওয়ামী লীগের একাংশের নেতারা শমসের মবিনের পক্ষে অবস্থান নিয়েছেন। তাকে নিয়ে করেছে নির্বাচনী সভাও। শমসের মবিনকে জয়ী করতে তারা উপজেলা ও পৌর ওয়ার্ড এবং সেন্টার কমিটিও গঠন করছেন। গুঞ্জন ছিল সিলেট-৬ আসনের আওয়ামী লীগের একাংশের নেতারা তৃণমূল বিএনপি’র প্রার্থী শমসের মবিন চৌধুরীর পক্ষে অবস্থান নিতে পারেন। মাত্র একদিনের ব্যবধানে ঢাকা সফর করেন শমসের মবিন চৌধুরী ও নুরুল ইসলাম নাহিদ। এর মধ্যে নুরুল ইসলাম নাহিদ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে দলের নেতারা জানিয়েছেন। আর শমসের মবিন চৌধুরী কার সঙ্গে আলোচনা করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।
দু’প্রার্থী ঢাকা থেকে ফেরার পর ভোটের মাঠে হাওয়া পাল্টে যায়। আওয়ামী লীগের অনেক নেতাই তলে তলে শমসের মবিন চৌধুরীর পক্ষে অবস্থান নেন। শুক্রবার রাতে বিষয়টি খোলাসা হয়ে যায়। ওই রাতে শমসের মবিন চৌধুরীকে নিয়ে গোলাপগঞ্জ পৌর শহরের রয়েল সেন্টারে বৈঠক করেছেন আওয়ামী লীগের একাংশের নেতারা। তাদের নেতৃত্বে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম। সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নির্বাচনী সভায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি রুকন উদ্দিন। সাংগঠনিক সম্পাদক খায়রুল হকের পরিচালনায় ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী আঁশের প্রার্থী শমসের মবিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চৌধুরী রিপন, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, সদস্য ওজিউর রহমান ছানা, আব্দুল হান্নান, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, পৌর কাউন্সিলর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, শ্রমিক লীগের সভাপতি আব্দুল মন্নান। সভায় নেতাকর্মীরা বলেন- সিলেট-৬ আসনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে উন্মুক্ত ভাবে কাজ করতে পারেন এজন্য কেন্দ্রীয় নেতাকর্মীরা নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও তৃণমূল বিএনপি’র সভাপতি বীরবিক্রম শমসের মবিন চৌধুরীর পক্ষেও কাজ করার নির্দেশনা আছে। এজন্য আমরা তার পক্ষে প্রকাশ্যে নেমেছি। সভায় প্রধান অতিথির বক্তব্যে তৃণমূল বিএনপি’র সভাপতি সোনালী আঁশের প্রার্থী শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিবাদন জানিয়ে বলেন- আমি অভিভূত, উচ্ছ্বসিত। আপনারা আমার সঙ্গে এসেছেন। আশাকরি নির্বাচনে আমরা জয়লাভ করবোই।
তিনি বলেন- সবাইকে নিয়ে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনকে এগিয়ে নিতে চাই। এই আসন বিগত দিন অনেকটা উন্নয়ন বঞ্চিত ছিল। অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজেহাল। আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে আমার পক্ষকে সমর্থন দেয়ায় আমি সকল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। সভায় আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, সদস্য নুরুল ইসলাম, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশাহিদ আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দিপন, সাবেক ছাত্রনেতা এম জেড আলম, আব্দুল হান্নান, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম রহমান সানি সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েক শতাধিক নেতৃবৃন্দ। এদিকে- সভা শেষে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন; আমরা নির্বাচনে নেমে গেলাম। আপনারা নামুন। পৌর শহরের ৯টি ওয়ার্ডে ১২টি সেন্টার কমিটি করতে হবে। পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নের সবক’টিতে ১শ’র উপরে লোক নিয়ে কমিটি গঠন করতে হবে। মানুষের ঘরে ঘরে শমসের মবিন চৌধুরীর পক্ষে দাওয়াত পৌঁছাতে হবে। এদিকে- গতকাল বিকালে গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সেক্রেটারি ও গত পৌর নির্বাচনে পৌরসভার নৌকার প্রার্থী রুহেল আহমদ জানিয়েছেন- উপজেলা চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন সেটি পালন করা হচ্ছে। গতকাল রাতের মধ্যে পৌরসভার ১২ সেন্টারের কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে একশ’ জনের উপরে নেতাকর্মী রয়েছেন। ইউনিয়ন কমিটি গঠনের কাজ চলছে। আজ-কালের মধ্যে চূড়ান্ত হবে বলে জানান তিনি। এদিকে- সিলেট-৬ আসনের অপর উপজেলা হচ্ছে বিয়ানীবাজার। ওই উপজেলায় গতকাল রাতে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন শমসের মবিন চৌধুরী। স্থানীয়রা জানিয়েছেন- ইতিমধ্যে এ উপজেলার আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন ইউনিয়ন চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পক্ষে অবস্থান নিয়েছেন।
গতকাল সিলেট সার্কিট হাউসে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শমসের মবিনকে আওয়ামী লীগ থেকে সমর্থন দেয়া হচ্ছে কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘প্রশ্নই উঠে না। দলীয় সভানেত্রী আমাকে নৌকার প্রার্থী দিয়েছেন। নেত্রী বলেছেন নির্বাচনে গিয়ে জয়ী হয়ে আসুন। এখানে অন্য কোনো প্রশ্ন নেই। নেত্রীর নির্দেশে আমি প্রার্থী হয়েছি। আমার সঙ্গে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন।’ সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সিলেট-৬ আসনের নৌকার প্রার্থীর প্রধান সমন্বয়ক এডভোকেট আব্বাস উদ্দিন জানিয়েছেন- শমসের মবিনের ওই বৈঠক নিয়ে আমরা ভাবছি না। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ উন্নয়নের পক্ষে। প্রধানমন্ত্রীর পক্ষে। এ কারণে আমাদের প্রার্থী নুরুল ইসলাম নাহিদের পক্ষে শুধু আওয়ামী লীগ নয়, সাধারণ মানুষও ঐক্যবদ্ধ। কেউ যদি চলে যায় তবে এর প্রভাব নৌকার জয়ে কোনো প্রভাব বাধা হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেন তিনি।
জনতার আওয়াজ/আ আ