শরীয়তপুরে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে কুপিয়ে মুখে মল মেখে দিল প্রতিপক্ষ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে কুপিয়ে মুখে মল মেখে দিল প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর সদর উপজেলার ৫৪ নম্বর ভর্তাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরি ইমরান হোসেন বেপারীকে (২৭) কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে।এরপর তার মুখে মানুষের মল মেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যক্তি খলিল মাদবরকে গ্রেফতার করেছে পালং মডেল থানা পুলিশ।
পালং থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ভর্তাইসার গ্রামের মোতালেব বেপারীর ছেলে ইমরান হোসেন বেপারী ৫৪ নম্বর ভর্তাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরি। ইমরানের পরিবারের সঙ্গে প্রতিবেশী খলিল মাদবরের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে দীর্ঘদিনের । ঐ বিরোধের জের ধরে শুক্রবার রাতে খলিল মাদবর ৭-৮ জন লোক নিয়ে ইমরানের ওপর হামলা করে। তাকে কুপিয়ে আহত করেছে। লোহার রড দিয়ে পিটিয়ে তার ডান হাত ভেঙে দেওয়া হয়েছে। এরপর হামলাকারীরা তার মুখে মানুষের মল মেখে দিয়েছে বলে অভিযোগ করেছে ইমরানের পরিবার। তার আত্নচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শনিবার ইমরানের বাবা মোতালেব বেপারী বাদী হয়ে পালং মডেল থানায় খলিল মাদবরসহ ৮ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে। ওই রাতেই প্রধান অভিযুক্ত খলিল মাদবরকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিরা পলাতক রয়েছে।
এ ব্যাপারে সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত ইমরান বলেন, আমাদের পরিবারের সঙ্গে খলিল মাদবরের পরিবারের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। কিন্তু কখনো মারামারি হয়নি। খলিল মাদবর তার ছেলে ও ভাইদের নিয়ে বিদ্যালয়ের বারান্দায় আমাকে কুপিয়েছে। পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। তারপর আমাকে মানুষের মল খাওয়ানোর চেষ্টা করেছে ওরা। তারা আমার মুখে মল মেখে দিয়েছে। আমার চিৎকারে আশপাশের মানুষ চলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
ইমরানের বাবা মোতালেব বেপারী বলেন, খলিল আমার ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিল। তাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে হামলাকারীদের বিচার চাই।
পালং মডেল থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, একটি বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরিকে কুপিয়ে আহত করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ