শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
মহান বিজয় দিবস উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিউব্লিউএন) এর সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগমের নেতৃত্বে বিপিউব্লিউএন নেতৃবৃন্দ, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
এছাড়া, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাহান চৌধুরীর নেতৃত্বে পুনাক নেতৃবৃন্দ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসে তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।
জনতার আওয়াজ/আ আ