শহীদ শাওনের সন্তান ও পরিবারের দায়িত্ব নেবে বিএনপি: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২ ২:৪১ অপরাহ্ণ

মুন্সিগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শহিদুল ইসলাম শাওন ভূঁইয়ার শিশুসন্তান ও পরিবারের দায়িত্ব বিএনপি নেবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (সেপ্টেম্বর ২৩) রাত সোয়া ৯টার দিকে শাওনের বাড়িতে এসে তিনি এ কথা বলেন।
এর আগে শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ফ্রিজিং ভ্যানে করে শাওনের লাশ রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে থেকেই হাজারো নেতা–কর্মী সেখানে অবস্থান করছিলেন।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শাওনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠন ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানায়। রাত পৌনে ৯টার দিকে তার লাশটি মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে আনা হয়।
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও দলীয় নেতা-কর্মী হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জ শহরের অদূরে মুক্তারপুরে গত বুধবার বেলা তিনটার দিকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
সংঘর্ষের মধ্যে গুলিতে শাওন ও বিএনপির সমর্থক জাহাঙ্গীর মাদবর (৩৮) গুরুতর আহত হন।
জনতার আওয়াজ/আ আ