শাকিবকে পাত্তা দিতাম না: পলি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার একসময়ের বহুল আলোচিত নায়িকা পলি। বর্তমানে সিনেমা থেকে দূরেই আছেন তিনি। স্বামী, সন্তান, সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তাকে সর্বশেষ দেখা গিয়েছে ২০১২ সালে ‘এক নম্বর আসামি’ সিনেমায়। পলি এখন কোথায়, কী করছেন এমন নানান প্রশ্ন সিনেমাপ্রেমীদের মনে। খোঁজ নিয়ে গিয়ে জানা গেল, সিনেমা ছেড়ে নায়িকা এখন ব্যবসায় ব্যস্ত সময় পার করছেন।
সিনেমা থেকে দূরে থাকা এই অভিনেত্রী সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ফের আলোচনায় এসেছেন। চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের পুরনো তথ্য ফাঁস করে এবার আলোচনায় এলেন তিনি।
পলি বলেন, একসময় নায়িকা হিসেবে সিনেমায় অভিনয় করলেও এখন ব্যবসায়ী হিসেবেই নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছি। তবে প্রায়ই পুরানো স্মৃতিগুলো আমাকে তাড়া করে বেড়ায়। জানি না কেন, তবে চেষ্টা করে যাচ্ছি নিজের ব্যবসাকে আরও ভালোর দিকে নিয়ে যেতে।
পুরোনো স্মৃতি কি মনে পড়ে? এমন প্রশ্নের উত্তরে চিত্রনায়িকা পলি বলেন, ক্যারিয়ারের শুরুতে শাকিব খান যখন সিনেমায় অহরহ শুটিং করতেন তখন তিনি প্রায়ই আমকে কল করতেন। ফোনে অনুরোধ জানাতেন, তাকে সিনেমায় নায়ক নেয়ার জন্য। কিন্তু বরাবরই শাকিবকে পাত্তা দিতাম না আমি।
পাত্তা না দেয়ার কারণ কি ছিল? উত্তরে তিনি বলেন, শাকিব তখন বেশ হ্যাংলা-পাতলা যুবক। ওই সময় শাকিবের ফিটনেসও যেমন ছিল না, অভিনয়ও পারতো না ঠিকঠাক। ওর চেয়ে তখন আমার চোখে নায়ক হিসেবে আমিন খানকেই বেশি ভালো লাগত। তাই আমি সে সময় শাকিবের সঙ্গে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলাম না।
পলি আরও জানান, এখনও শাকিবের একটা জিনিস আমার মোটেও ভালো লাগে না। আর সেটি হলো, শাকিব নিজেকে সবসময় ঘরবন্দি রাখে। যেকোনো শুটিং ছাড়া এফডিসি কিংবা অন্য কোথাও আর তাকে দেখা যায় না। এমনকি পরিচিতদের সঙ্গেও তিনি আড্ডাও দেন না। এই গোড়ামিটা এখনও শাকিবের বিদ্যমান।
প্রসঙ্গত, মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন পলি। তারপর ‘জানোয়ার’, ‘কঠিন পুরুষ’সহ অনেক সিনেমা উপহার দিয়েছেন। চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ১১৩টি সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। তার সময়ের জনপ্রিয় চিত্রনায়কদের বিপরীতে দেখা গেছে পলিকে।
জনতার আওয়াজ/আ আ