শামীম ওসমানের স্লোগান বেমানান কাদেরের কণ্ঠে :কাদের সিদ্দিকী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শামীম ওসমানের স্লোগান বেমানান কাদেরের কণ্ঠে :কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের দৃষ্টিতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই খুব একটা ভালো নয়। তার ওপর ‘খেলা হবে’ স্লোগানটি মানুষকে শঙ্কিত করে তুলেছে।

তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘খেলা হবে’ স্লোগান প্রসঙ্গে বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমানের স্লোগান ওবায়দুল কাদেরের কণ্ঠে মানায় না। এটি বেমানান। মানুষকে স্বস্তি দেওয়াই রাজনৈতিক দলের কাজ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দেওয়া বহুল আলোচিত ‘খেলা হবে’ স্লোগান চলমান রাজনীতিতে আলোচনার প্রধান খোরাক। আবার কাদের সিদ্দিকী বীরউত্তম কয়েক দিন আগে ‘বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়ে বেশি লুটপাট চালাবে’ মন্তব্য করে আলোচনার শিরোনাম হয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, অতীতে ক্ষমতায় থাকাকালে বিএনপি জনগণের সম্পদ লুটপাট করেছে। আবারও তারা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে রাষ্ট্রের সম্পদ লুট করবে। সেটি অবশ্যই আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে।

এ জন্য রাজনৈতিক পরিবেশের পরিবর্তন চান কাদের সিদ্দিকী। তিনি বলেন, রাজনীতিতে এখন দুটি স্রোতধারা। একদিকে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি অথবা আওয়ামী লীগবিরোধী শক্তি। ফলে রাজনীতিতে কোনো ভারসাম্য থাকছে না। তাই খামখেয়ালি এবং বিরামহীন গতিতে দুর্নীতি চলছেই।

এ অবস্থায় মানুষের কাছে আস্থাভাজন তিন থেকে পাঁচটি রাজনৈতিক শক্তি থাকলে রাজনীতি ও প্রশাসন ঠিকভাবে চলত বলে মনে করছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি। তিনি বলেন, এটি নেই বলেই রাজনীতি এবং রাজনীতির মানুষের সম্মান নেই। মানুষ তাঁদের বিশ্বাস করছে না। আস্থায় আনছে না।

বঙ্গবীর কাদের সিদ্দিকী সাম্প্রতিক সময়ে তাঁর নেতৃত্বাধীন রাজনৈতিক দলের আকস্মিক নীরবতা, সরকারবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে কিছুটা দূরত্ব এবং আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনকেন্দ্রিক সখ্য তৈরিসহ নানা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। তিনি জানিয়েছেন, কৃষক শ্রমিক জনতা লীগ সক্রিয় রয়েছে। তবে বড় দুই দলের কর্মসূচি প্রচারে ব্যস্ত গণমাধ্যম তাদের এড়িয়ে চলে। কম গুরুত্ব দেয়। অবশ্য এটি স্বাভাবিক।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, সরকারবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে তাঁর দলের যোগাযোগ থাকলেও সেটি দৃশ্যমান হচ্ছে না। আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমান সময়ে তাঁর দলের সঙ্গে মানুষের যোগাযোগ অনেক বেড়েছে। তিনি আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনকেন্দ্রিক সখ্য তৈরির প্রসঙ্গে বলেছেন, এটি বিবেচনায় আনার সময় এখনও আসেনি। এ নিয়ে তাঁর দলেও আলোচনা হয়নি। তবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। রাজনীতিতে সময়ের জিনিস সময়েই হয়ে থাকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ