শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীকে সব হলে প্রবেশ নিষিদ্ধের নোটিশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মীকে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে প্রবেশে নিষিদ্ধের নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এ নোটিশ দেন। ওই শিক্ষার্থীকে নোটিশের বিষয়টি জানতে মো. ফজলুর রহমানকে ফোন দেওয়া হলে তিনি মিটিংয়ে রয়েছেন কথা বলতে পারবেন না বলে ফোন রেখে দেন।
যে ছাত্রলীগ কর্মীকে নোটিশ দেওয়া হয়েছে তাঁর নাম ইফতেখার আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। ইফতেখার আহমেদ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়ার অনুসারী।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে শাহপরাণ হলের ২৩৯ নম্বর কক্ষের বৈধ শিক্ষার্থী দেলোয়ার হোসেনকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল। গণিত বিভাগের শিক্ষার্থী দেলোয়ার নিজেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ঘটনায় দেলোয়ার হোসেন গত ২৬ ফেব্রুয়ারি প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। এতে তিনি ছাত্রলীগ কর্মী সাদ্দাম হোসেন, ইফতেখার আহমেদ, আশিকুর রহমানের নাম উল্লেখ করেছিলেন।
জনতার আওয়াজ/আ আ