শাহবাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাহবাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। রবিবার দুপুর দুইটায় রাজধানীর শাহবাগ মোড়ে এই অবরোধ শুরু হয়।

এর আগে গতকাল রাতে দেশের সব বিভাগীয় শহরে একই কর্মসূচির ডাক দেয় সংগঠনটি। পূর্বঘোষিত সময় অনুযায়ী অবরোধ শুরুর কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। তাঁরা সড়কের পাশে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন।

বেলা দুইটার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। ফলে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে নেতা-কর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’সহ বিভিন্ন স্লোগান দেন।

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

গতকাল শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিলে শাহবাগের অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে নেতা-কর্মীরা এলাকা ছাড়েন।

সর্বাত্মক অবরোধ ঘোষণার আগে গতকাল রাত ১১টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে যান। সেখানে তাঁরা আন্দোলনরতদের সামনে হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন এবং [৭ জানুয়ারি]র মধ্যে অভিযোগপত্র দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে দ্রুত বিচারকার্য শেষ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়। তবে এই আশ্বাস প্রত্যাখ্যান করে ইনকিলাব মঞ্চ নতুন কর্মসূচি ঘোষণা করে।

আজ রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন। তাঁদের পালাতে সহায়তা করেছেন ভারতের দুই নাগরিক। মেঘালয় পুলিশ ওই দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হন ওসমান হাদি। অল্প সময়ের মধ্যেই তিনি সারা দেশে পরিচিত মুখ হয়ে ওঠেন। আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার লক্ষ্যে প্রচারও চালাচ্ছিলেন তিনি। ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ