শিক্ষা কারিকুলামে সংস্কৃতিকে জোর দেওয়া হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষা কারিকুলামে সংস্কৃতিকে জোর দেওয়া হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ

 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বর্ষবরণ উৎসব ১৪৩৩’ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) শিরোনামে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।

এদিন সকাল থেকেই টিএসসি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিক্ষার্থী, সংস্কৃতিপ্রেমী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ আয়োজনে। গ্রামীণ মেলা, লোকসংগীত, নৃত্য, আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশীয় খাবারের স্টল – সব মিলিয়ে টিএসসি এলাকা এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান। মুখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খান। এছাড়া সংগঠনের সভাপতি আতিকুর রহমান ত্বহা ও সাধারণ সম্পাদক স্মীতা পুরকায়স্থ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, ‘আমরা শিক্ষা কারিকুলামেও সংস্কৃতিকে জোর দেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে সেকেন্ডারি , হায়ার সেকেন্ডারি প্রত্যেকটা জায়গায় সাংস্কৃতিক চর্চাকে বাধ্যতামূলক সিলেবাসের ভিতরে নিয়ে আসছি। আমরা কয়েক ধারায় যাব এবং এই কয়েক ধারায় বাধ্যতামূলক ক্লাস থাকবে। আপনি গান গাইতে চাইলে, আপনি গান শিখবেন, আপনি কোনো বাদ্যযন্ত্র শিখতে চাইলে তবলা বাজাবেন, হারমোনিয়াম বাজাবেন।’

এর আগে তিনি আরো বলেন, সংস্কৃতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই চর্চাগুলো বহল থাকা, অব্যাহত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের অংশীদার যারা আছেন তাদের কাছে আহ্বান আপনারা শক্তভাবে আপনাদের চর্চাগুলো চালিয়ে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যা করেন তার প্রতিফলন দেশব্যাপী হয়। সুতরাং আপনারা এই উন্মুক্ত জায়গাটা রাখলে দেশব্যাপী আমরা সেই চর্চাগুলোই দেখি। আপনারা যদি মুক্ত চিন্তার জায়গাটা বন্ধ করে দিতে চেষ্টা করেন বা করেন, তাহলে দেশব্যাপী কিন্তু মুক্ত চিন্তার জায়গাটা বন্ধ হয়ে যেতে পারে।

ববি হাজ্জাজ বলেন, যে রবীন্দ্র প্রেমী তাকে রবীন্দ্র প্রেমী থাকতে দেন, যে নজরুল প্রেমী তাকে নজরুল প্রেমী থাকতে দেন, যে বাউল প্রেমী তাকে বাউল প্রেমী থাকতে দেন, যে হামদনাত প্রেমী তাকে হামদনাত প্রেমী থাকতে দেন। প্রত্যেকটা চর্চাই যেন অব্যাহত থাকে এবং কোনোটাই যেন থেমে যাওয়ার বা থামিয়ে দেয়ার কোনো প্রচেষ্টা সফল না হতে পারে।

অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয় প্রখ্যাত নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় এবং সংগীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপ-কে। দিনব্যাপী আয়োজনে মেলা প্রাঙ্গণে দেশীয় পণ্য, ঐতিহ্যবাহী হস্তশিল্প ও খাদ্যসামগ্রীর প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম চলে। দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে অংশ নেয় সাংস্কৃতিক সংসদের সদস্যরা। এছাড়া সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড বন্দিশ ও জলের গান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ