শুক্রবার লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শুক্রবার লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১০, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১০, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আগামী শুক্রবার (১৩ জুন) লন্ডনের একটি অভিজাত হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৯ জুন) রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকটি শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি দুই নেতার মধ্যে কিছু সময় একান্তে কথা বলারও সুযোগ রাখা হয়েছে।

এর আগে চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। বাংলাদেশ সময় ভোরে ফ্লাইটটি লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে।

লন্ডন সফরে বৃটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে দেখা করবেন ড. ইউনূস। এ সময় তিনি রাজার হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। তাঁর সম্মানে রাজকীয় ভোজের আয়োজন করা হবে, যেখানে বৃটেনের রাজনীতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এ ছাড়া বৃটিশ পার্লামেন্টের স্পিকার, প্রধানমন্ত্রী এবং একাধিক মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে। তিনি চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে বক্তব্যও দেবেন। কূটনৈতিক সূত্র বলছে, এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে বৃটেনের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়েও তাৎপর্যপূর্ণ আলোচনা হবে।

সফর শেষে আগামী শনিবার (১৪ জুন) দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ