শুধু গণসমাবেশ নয়, সিলেটে শক্তি জানান দিতে চায় বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শুধু গণসমাবেশ নয়, সিলেটে শক্তি জানান দিতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ

 

আগামী ২০ নভেম্বর সিলেটে সমাবেশ করতে চায় বিএনপি। এ জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গতকাল শুক্রবার সমাবেশস্থল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন স্থানীয় নেতারা। চট্টগ্রাম, খুলনা ও রংপুরে বিভাগীয় সমাবেশে সরাসরি ও কৌশলে বাধার পর সিলেটেও একই পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকলেও সিলেটের নেতারা বলছেন, তাঁদের এলাকার মানুষ সব সময় শান্তিপ্রিয়। এখানে সরকার কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না। তাঁরা বিশ্বাস করেন, সিলেটের পরিবহন মালিকরাও সমাবেশ সফলে সব ধরনের সহায়তা করবেন।

সমাবেশ মাঠ পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে আমাদের সমাবেশে সরকার কৌশলে বাধা দিচ্ছে। এমনকি নেতাকর্মীরা যাতে সমাবেশে দূর থেকে যেতে না পারেন, সে জন্য পরিবহন বন্ধ করে দিচ্ছে। আমাদের বিশ্বাস, সিলেটে এমন কিছু হবে না। আমরা নির্ভয়ে, বাধাহীনভাবে নির্ঝঞ্ঝাট সমাবেশ করতে পারব। কারণ এখানকার মানুষ শান্তিপ্রিয় ও রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী।’

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী জানান, ২০ নভেম্বর আলিয়া মাদ্রাসা মাঠ ব্যবহারে মাদ্রাসা কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। আশা করছি, অনুমতি পাওয়া যাবে। সমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, নির্বাহী সদস্য আবুল কাহের শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার, চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি। এরই মধ্যে চট্টগ্রাম, খুলনা ও রংপুরে সমাবেশ হয়েছে। চট্টগ্রাম, খুলনায় বাধা ও পরিবহন ধর্মঘটের পর শনিবার রংপুরের সমাবেশ ঘিরে বিভাগের বিভিন্ন সড়কে ধর্মঘট ডাকা হয়। পরিবহন মালিকরা গাড়ি বের করেননি।

সিলেট সদর উপজেলা বিএনপির সহসভাপতি মকবুল আলী বলেন, ‘চট্টগ্রাম ও খুলনায় বাধা দেওয়া হয়েছে। রংপুরেও কৌশলে বাধা দেওয়া হয়েছে। আমরা সিলেটের সমাবেশে বাধার আশঙ্কা করছি। তবে কেউ বাধা দিলে তাকে বুঝিয়ে সমাবেশে যোগ দেব। বিএনপি সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ