শেখ মুজিবের ছবি সরানোর বক্তব্য নিয়ে রিজভীর দুঃখপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর ইস্যুতে বক্তব্যের সংশোধনী দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিবৃতিতে এই সংশোধনী দেয়া হয়।
বিবৃতিতে রিজভী উল্লেখ করেন, সকালে একটি অনুষ্ঠানে আমার দেয়া বক্তব্য নিয়ে ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি’ শিরোনামে একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হচ্ছে।
গণমাধ্যমে প্রকাশিত ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে’ মর্মে একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি মনে করেছিলাম, বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে।
শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস-আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত।
জনতার আওয়াজ/আ আ