শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার মতো কোনো শক্তি নেই: ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার মতো কোনো শক্তি নেই: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

এমন কোনো শক্তি নেই যা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে— এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

রবিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি পবিত্র কুরআন অবমাননা ও জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত হয়।

সমাবেশে শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন, “আপনি দেশে গণহত্যা চালাবেন, গণতন্ত্র ধ্বংস করবেন, ভারতীয় সমর্থনের ওপর নির্ভর করে রাজনীতি করবেন— আবার দেশে আসতে চাইবেন? তা হবে না।”

তিনি আরও বলেন, “আমি চাই না এমন একটি বাংলাদেশ, যেখানে ‘আমার ভোট আমি দেব’— এই মৌলিক অধিকারটি প্রতিষ্ঠিত হতে না পারে। আপনারা কি চান শেখ হাসিনা মোদির আশ্রয়ে আবার দেশে ফিরে এসে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করুক? তা কখনোই হতে দেওয়া হবে না।”

আওয়ামী লীগকে ভারতের ক্রীড়নক দাবি করে ফারুক বলেন, “তারা বাংলাদেশের মানুষের স্বার্থ নয়, বরং পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় ব্যস্ত। তিস্তা নদীতে আমরা পানি পাই না, ফারাক্কা বাঁধ সময়মতো খোলে না, ফেলানির লাশ সীমান্তে ঝুলে থাকে— তারপরও তারা বলে, মোদি আমাদের বন্ধু! মোদি কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না।”

স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে দাবি করে ফারুক বলেন, “৭১ সালের যুদ্ধের সময় আমাদের স্বাধীনতার জন্য যারা লড়েছিলেন, আজ তাদের অনেককেই রাজাকার বলা হচ্ছে। মেজর জলিল, সিরাজ শিকদার— এরা দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন। অথচ আজ তাদের নাম বিকৃত করা হচ্ছে।”

ফারুক অভিযোগ করে বলেন, “শেখ মুজিব স্বাধীনতার পর জনগণকে শান্তিতে থাকতে দেননি। সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। হেলিকপ্টারে করে ভোটের বাক্স এনে ফলাফল পরিবর্তন করা হতো। আজ শেখ হাসিনা সেই একই পথ অনুসরণ করছেন। ‘বাবা বাবা’ বলে সারা দেশে মূর্তি গড়ে তুলেছেন, অথচ মানুষের অধিকার হরণ করেছেন।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা যতদিন ভারতীয় সমর্থনের ওপর নির্ভর করে রাজনীতি করবেন, দেশের গণতন্ত্র হত্যা করবেন, দেশের জনগণকে হত্যা করবেন— আর দেশে ফিরতে চাইবেন, আল্লাহর কসম, এমন কোনো শক্তি নেই যা তাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে।”

বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফারুক বলেন, “এখন আর বিভক্ত থাকার সময় নয়। একসঙ্গে দাঁড়ান। যারা শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে লড়ছে, তারা যদি ঐক্যবদ্ধ হয়, ইনশাআল্লাহ হাসিনা আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না। ‘আমার ভোট আমি দেব’, মৃত মানুষ আর কখনো ভোট দেবে না। আসুন, সবাই মিলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিই।”

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রসঙ্গে ফারুক বলেন, “প্রফেসর মুহাম্মদ ইউনূসের বক্তব্য আমি শুনেছি। আমি তার জন্য দোয়া করি, আপনার কথাটা ঠিক থাকে— ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচন হয়।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা কাজী আলমগীর হোসেন, মাওলানা কারী গোলাম মোস্তফাসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ