শেখ হাসিনার ফাঁসির দাবিতে উত্তাল শহীদ মিনার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিয়েছেন ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত
স্বৈরাচার শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা। ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিয়েছেন লাখো ছাত্র-জনতা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহীদ মিনার এলাকায় স্লোগানে উত্তাল হয়ে এ সব দাবি জানান।
এ সময় ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ প্রভৃতি স্লোগান দিতে শোনা যায়।
ছাত্র-জনতা বলেন, শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি, এর মধ্যে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। যখনই আমরা চিরতরে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে চাই, তখনই সুশীল বেশে কিছু ব্যক্তি ও দল বিরোধিতায় নেমে যায়। আমরা প্রয়োজনে তাদেরও প্রতিহত করব।
চট্টগ্রাম, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-জনতাও সকাল থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন এবং পর্যায়ক্রমে তারা মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মঙ্গলবর শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। পরে অন্তর্বর্তী সরকার এ ঘোষণাপত্র পাঠ করবে জানালে ঘোষণাপত্র পাঠ স্থগিত রাখা হয়।
গতকাল সোমবার রাত পৌনে ২টার দিকে রাজধানীর বাংলামোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়, মঙ্গলবার (আজ) বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করা হবে।
জনতার আওয়াজ/আ আ