শেষ মুহূর্তেও অপেক্ষা কাটছে না জাতীয় পার্টির প্রার্থীদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ১২:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ১২:৫১ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
শেষ মুহূর্তেও অপেক্ষা কাটছে না জাতীয় পার্টির প্রার্থীদের মনোননয়পত্র প্রত্যাহারের শেষদিনের আগেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানতে পারেননি তারা। সর্বশেষ গতকাল রাতেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে রাতে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে গণমাধ্যমে দুই পক্ষের কেউই কথা বলেননি। ওদিকে সমঝোতা হতে পারে এমনটা ধরে নিয়ে গতকাল রাত পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থী ও নেতারা অপেক্ষায় ছিলেন। তাদের অনেকে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে রাত পর্যন্ত অপেক্ষা করেন। তবে তারা কোনো সিদ্ধান্ত জানতে পারেননি। গত কয়েকদিন ধরে আসন সমঝোতার বিষয়ে আলোচনা হচ্ছে- এমনটা বলা হলেও গতকাল নেতাদের মাঝে ভিন্ন সুর দেখা গেছে। তাদের অনেকে বলেন, নির্বাচনের পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে, হবে। তবে আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা হচ্ছে- এমনটা কেউ স্বীকার করেননি।
আসন ছাড় নিয়ে আলোচনা চলার মধ্যে ঢাকা-৬ আসনের জাপা প্রার্থী কাজী ফিরোজ রশিদ নৌকার সঙ্গে লাঙ্গল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করার ইঙ্গিত দিয়ে বক্তব্য দেন। এছাড়া আরও বেশ কয়েকজন দলীয় এমপি প্রার্থী এমন ইচ্ছার কথা জানিয়েছেন।
দলীয় সূত্রের দাবি আওয়ামী লীগ ছাড় দেয়া আসনে স্বতন্ত্র প্রার্থী সরাতে কোনো উদ্যোগ নেবে না এমনটা বলার কারণে সমঝোতার বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না দলের অনেকে।
ওদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত থাকতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করে তার পক্ষে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ১৪ই ডিসেম্বর জিডি করা হয়। জিএম কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান এ জিডি করেন।
তিনি মানবজমিনকে বলেন, স্যারের (জিএম কাদের) নম্বরে অজ্ঞাতনামা এক ব্যক্তি মেসেজ দিয়ে নির্বাচন থেকে বিরত থাকতে হুমকি দিয়েছে। সেখানে বলা হয়েছে, আসন্ন নির্বাচন থেকে সরে না এলে তাকে ও দেশ-বিদেশে অবস্থান করা তার পরিবার-পরিজনকে হত্যা করা হতে পারে। স্যার আইনে বিশ্বাসী। তাই তিনি বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করে রাখতে আমাকে নির্দেশ প্রদান করেছেন।
জিডিতে বলা হয়, মেসেজ প্রদানের মাধ্যমে মাননীয় চেয়ারম্যানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করা হয়। উক্ত ব্যক্তির কথামতো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না থাকলে মাননীয় চেয়ারম্যান মহোদয়সহ তার পরিবার ও আত্মীয়স্বজনদের প্রাণনাশ করা হবে। এমতাবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান, তার পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার কাজ চলছে।
শনিবার বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু পার্টি চেয়ারম্যানের করা জিডি’র বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তিনি বলেন, চেয়ারম্যান জিডি করেছেন কিনা জানি না। আমাকেও অনেক হুমকি দেয়া হয়েছে। আমি ওগুলোকে পাত্তা দেই না। আমাকেও নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে।
মহাসচিব আসন সমঝোতার বিষয়ে বলেন, আমরা একাধিক বিষয়ে বৈঠক করেছি। ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে আলোচনা করেছি। সমঝোতার বিষয়েও আলোচনা হয়েছে। অনেক সময় ছাড়ের প্রশ্নও আসে। আসনের বিষয়টি মুখ্য না। আসনের আলাপও হয়েছে সব বিষয়তো আর বলা যাবে না। আমরা নির্বাচন করবো সব সিটে। জোট-মহাজোটের কোনো সুযোগ নাই। আস্থাও নাই।
চুন্নু আসন সমঝোতার তালিকার বিষয়ে বলেন, সবতো আমরা বলবো না। প্রেমের চিঠি নিয়েতো বাবা-মাকে বলা যায় না। প্রেম হয়ে গেলে বলা যায়। প্রেমের শেষ পরিণতি হয় বিয়ে। আমিও ভাবি নায়ক হতে। নায়ক হতে কে না চায়? যদি নির্বাচন সুষ্ঠু হয়, ভোট দেয় তাহলে ভোট বিপ্লব হবে। ১৫১টি সিট পাবো। আমরা আশা করি।
জনতার আওয়াজ/আ আ