শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের স্থায়ী জামিন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
শ্রম আইন লঙ্ঘনের মামলায় স্থায়ী জামিন পেলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। রোববার (২৮ জানুয়ারি) সকালে শ্রম অ্যাপিলিয়েট ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আপিল করেন ড. ইউনূস। এরপর শুনানিতে বিচারক তাকেসহ চারজনকে স্থায়ী জামিন দেন। জানিয়েছেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন।
এর আগে, এই আইনজীবী জানান, রায়ে সাজা হলেও জেলে যেতে হয়নি ইউনূসসহ চারজনকে। আপিলের শর্তে তাদের একমাসের জামিন দিয়েছিলেন বিচারক।
১ জানুয়ারি রায়ে জামিনের শর্তে বলা হয়েছিল, ৩০ দিনের মধ্যে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় যেকোনো ব্যবস্থা নিতে পারবেন আদালত। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর চারজনের বিরুদ্ধে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। অভিযোগ ছিল শ্রম আইন লঙ্ঘনের।
মামলার এজহার থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান। সেখানে গিয়ে তারা শ্রম আইনের লঙ্ঘনের বিষয়ে জানতে পারেন। এর মধ্যে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এছাড়া প্রতিষ্ঠানের লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেয়ার কথা ছিল, কিন্তু তাও দেয়া হয়নি।
মামলায় ড. ইউনূস ছাড়াও আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে।
জনতার আওয়াজ/আ আ