ষড়যন্ত্র ভেদ করে দেশে গণতন্ত্র ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করব: আযম খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
গণতন্ত্রের লড়াইয়ে রক্ত দিতে হয়, আরও রক্ত দেওয়া হবে, রক্তের বদলে হলেও সব ষড়যন্ত্রকে ভেদ করে এ দেশে গণতন্ত্র এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, কোনো ষড়যন্ত্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিএনপি অনেক রক্ত দিয়েছে। ১৭ বছরে বিএনপির রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ। বিএনপি রক্ত দিতে ভয় পায় না।
বিএনপি ভয়ে ছদ্মনামে অন্য দলে যায় না। বিএনপি রক্ত দেয়, নিজ পরিচয়ে থেকেই, শহীদ জিয়ার পরিচয়ে থেকেই, বিএনপির পরিচয়ে থেকেই রক্ত দেয়। রক্ত আরও দেবো আমরা, কিন্তু আমরা কোন ষড়যন্ত্রের কাছে মাথানত করব না।
এ দেশটা স্বাধীন করেছিলাম গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য, মানবাধিকারের জন্য, আইনের শাসনের জন্যে। এ দেশটা আফগানিস্তান করবার জন্য স্বাধীন করি নাই। এ দেশটা কোনো জঙ্গিবাদের দেশে পরিণত করবার জন্য স্বাধীন করি নাই।
আহমেদ আযম খান বলেন, গভীর ষড়যন্ত্র চলছে, গণতন্ত্র প্রতিষ্ঠা যাতে না হয়, জনগণের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয় নির্বাচিত সরকার যাতে না আসতে পারে, সেজন্য কঠিন ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের ভেতরে এবং দেশের বাইরে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করছে পলায়নরত ফ্যাসিবাদী শক্তি ও একাত্তরের ওই পরাজিত শক্তি।
তিনি বলেন, লক্ষ্মীপুরের ৫৬ জন নেতা গুম খুনের শিকার হয়েছে। যারা গুম হয়ে গেছে, আজ পর্যন্ত পরিবার আশায় রয়েছে-তাদের সন্তান, স্বামী, পিতা, ভাই কবে ফিরে আসবে। ফিরে আসছে না।
যুগ পার হয়ে যাচ্ছে ফিরে আসছে না। কবে এই গুম খুনের বিচার হবে, আমরা নুন্যতম বিচারটি দেখে যাবো। যারা নিজেদের আত্মহুতি দিয়েছেন গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমাদের দল বিএনপি সরকার গঠন করবে। ওই ৫৬টি পরিবারের মুখে হাসি ফুটাবে। তারা বিএনপির দিকে তাকিয়ে আছে। সেজন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।
২০১৪ সালের সদর থানা বিভক্ত হয়ে চন্দ্রগঞ্জ থানা গঠিত হয়। ২০২২ সালে ২৯ অক্টোবর সদর (পূর্ব) উপজেলা বিএনপি থেকে বিভক্ত করে সম্মেলন ছাড়াই চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি।
জনতার আওয়াজ/আ আ