সংকটকালীন সময়েই বেগম খালেদা জিয়ার প্রয়োজন সবচেয়ে বেশি: ফারুক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের চলমান রাজনৈতিক সংকটের মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই সবচেয়ে বেশি প্রয়োজন— এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি দাবি করেছেন, ‘ফ্যাসিস্ট সরকার’ মিথ্যা মামলায় কারাগারে নিয়ে খালেদা জিয়াকে অসুস্থ করে তুলেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
ফারুক বলেন, “সুস্থ বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নিয়ে অসুস্থ করে তুলেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। অনেকে বলেন, কারাগারের ভেতরে তাঁকে স্লো পয়জনিং করে চিরতরে পৃথিবী থেকে বিদায় করার চেষ্টা করা হয়েছিল।”
তিনি উল্লেখ করেন, অতীতেও বিএনপির বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে এবং দল ভাঙার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো প্রচেষ্টাই সফল হয়নি। দল ভবিষ্যতেও বিভক্ত হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
“বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ,” বলেন ফারুক।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “তার জন্য শুধু আমরা নয়, আমাদের সমালোচকরাও দোয়া করছেন। কারণ তিনি আপসহীন নেতা। গণতন্ত্রের প্রশ্নে কোনোদিন আপস করেননি। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে তিনি আপোসহীন নেত্রীর উপাধি পেয়েছেন।”
তিনি আরও বলেন, “দেশ সংকটকালীন সময় অতিক্রম করছে। এই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা দোয়া করছি, মহান আল্লাহ যেন মানবতার এই নেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন।”
দোয়া মাহফিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক, মাওলানা আলমগীর হোসেন, ইসমাইল হোসেন সিরাজীসহ সেনবাগ ফোরামের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ