সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন তানজিন চৌধুরী লিলি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ১১, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ১১, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের ত্যাগী ও সক্রিয় নারী নেত্রীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। তৃণমূল থেকে কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির পরিচিত মুখ তানজিন চৌধুরী লিলি মনোনয়ন ফরম ক্রয় করেন।
তানজিন চৌধুরী লিলির এই মনোনয়নপত্র সংগ্রহের খবরে গৌরীপুরে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল বলেন, জাতীয়তাবাদী রাজনীতির লড়াকু ও সাহসী নেত্রী, আমাদের সকলের প্রিয় তানজিন চৌধুরী লিলি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দীর্ঘদিন আমরা এক সঙ্গে রাজপথে লড়াই-সংগ্রাম করেছি। তিনি রাজপথের একজন পরিক্ষীত সৈনিক। বিগত স্বৈরাচারী সরকারের আমলে অসংখ্য মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি; বরং উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দলকে সুসংগঠিত রাখতে দিন-রাত কাজ করে গেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দল ত্যাগী ও রাজপথের লড়াকু নেতৃত্বকে মূল্যায়ন করবেন।
তানজিন চৌধুরী লিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। এক-এগারোর উত্তাল সময়ে ছাত্র-শিক্ষক আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিতে গিয়ে তিনি দীর্ঘ সময় কারাবরণ ও একাধিক মামলার শিকার হয়েছেন। বিগত সরকারের আমলেও রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হলেও মাঠের রাজনীতিতে তিনি ছিলেন সক্রিয়। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এ ছাড়াও তিনি গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব।
মনোনয়নপত্র সংগ্রহ করে তানজিন চৌধুরী লিলি বলেন, শহিদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে সবসময় সক্রিয় ছিলাম। দল আমার শ্রম ও ত্যাগের মূল্যায়ন করবে বলে আমি আশাবাদী। সংরক্ষিত নারী আসনে আমাকে সুযোগ দেওয়া হলে নারী অধিকার রক্ষা ও নিজ এলাকার উন্নয়নে আত্মনিয়োগ করব।
জনতার আওয়াজ/আ আ