সংসদীয় সীমানার শুনানি: বাগেরহাটের আসন ৪টি রাখার দাবি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদীয় সীমানার শুনানি: বাগেরহাটের আসন ৪টি রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৫, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৫, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দ্বিতীয় দিনের মতো সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় শুনানিতে বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন বাগেরহাট থেকে আসা প্রতিনিধিরা।

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের মতো সংসদীয় এলাকার সীমানা শুনানিতে তারা এ দাবি জানান।

শুনানি শেষে বাগেরহাট-৩ আসনের প্রতিনিধি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু গণমাধ্যমকে বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাগেরহাটে চারটি আসন। হঠাৎ করে ইসি আমাদের বলেছেন চারটি আসন থাকবে না। একটি আসন বাদ দেওয়া বাগেরহাটবাসী মানে না। এটা অযৌক্তিক, আইনপরিপন্থি এবং বাস্তবসম্মত নয়। ইসির এ সিদ্ধান্ত জনস্বার্থের পরিপন্থি। সুতরাং আমরা ইসিকে অনুরোধ করব তারা বাগেরহাটের একটি আসন কমিয়ে সংসদীয় আসন নিয়ে যে খসড়া প্রস্তাবনা দিয়েছে তা তারা প্রত্যাহার করবে। আমরা চাই বাগেরহাট জেলায় যে চারটি আসন ছিল বাগেরহাট এক, দুই, তিন এবং চার আগের মতো বহাল থাকবে এবং বাগেরহাটের সব জনগণ সেই বহাল চারটি আসনেই তাদের আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে।’

এ সময় একই আসনের প্রতিনিধি ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছে সেই নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। তারা সেটা না দিয়ে ওনারা বাগেরহাটের জনগণের যে চারটি আসন ছিল সেখান থেকে একটি আসন কমিয়েছে। আসন কমিয়ে বাগেরহাটবাসীর যে অধিকার সে অধিকার থেকে বঞ্চিত করেছে।’

তিনি আরও বলেন, ‘ওনারা (নির্বাচন কমিশন) তাদের ওপর যে অর্পিত দায়িত্ব আছে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী তার লঙ্ঘন কিছুটা ঘটেছে। যদি এটা ওনারা ঠিক করে দেন, কিওর করে দেন তাহলে আমরা বলবো যে সাংবিধানিক দায়িত্ব ওনারা ব্যত্যয় ঘটান নাই। আমরা এটাও বলেছি যে আর্টিকেল সেভেন অব দ্য কনস্টিটিউশন আর্টিকেল ২৭ অব কনস্টিটিউশন জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা আপনারা জনগণের কাছে ফিরিয়ে দেবেন। জুলাই বিপ্লবের স্পিড অনুযায়ী ওনারা কাজ করবেন। আন্দোলন সংগ্রামের দিকে ওনারা আমাদের ঠেলে দেবেন না বা আমাদেরকে আদালতের দিকে ঠেলে দেবেন না। যাতে ফেব্রুয়ারির নির্বাচন কোনোভাবে বিঘ্নিত না হয়।’

এদিকে, বাগেরহাট-৩ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমত উল্লাহ অভিযোগ করে বলেন, ‘গতকাল আমরা আমাদের বক্তব্য পেশ করতে পারিনি। আজকেও কিন্তু আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে পারিনি। নির্বাচন কমিশন শুধু একটি দলের জন্যই কাজ করে যাচ্ছে বলে মনে হচ্ছে আমাদের।’

তিনি আরও বলেন, ‘ভোটার হিসাবকে কেন্দ্র করে তারা (নির্বাচন কমিশন) যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের যৌক্তিক বলে মনে হয় না।’

উল্লেখ্য, ২৫ আগস্ট খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের দাবি আপত্তির শুনানি হবে বলে জানানো হয়। এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাতক্ষীরা-৩,৪, যশোর-৩,৬, বাগেরহাট- ১,২ ও ৩; আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঝালকাঠি-১, বরগুনা-১,২, পিরোজপুর-১,২,৩, চট্টগ্রাম-৩,৫,৮,১৯, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান আসনের শুনানি হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ