সংসদ বিলুপ্ত ঘোষণার আহ্বান কর্নেল অলির - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদ বিলুপ্ত ঘোষণার আহ্বান কর্নেল অলির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১১, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১১, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। দেশবাসী অশান্তি ও কষ্টে থাকলে তাদের কিছু আসে যায় না। আওয়ামী লীগ অতীতে রাজনীতি ধ্বংস করেছিল, বর্তমান মনুষ্যত্ব ও দেশ ধ্বংস করে দিয়েছে। তাই বলছি, যত শীঘ্রই সম্ভব ক্ষমতা থেকে পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন।

আজ শুক্রবার রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

কর্নেল অলি বলেন, ৬ ব্যাংক থেকে ৫০ হাজার কোটি টাকা লোপাট করেছে সরকারের আস্থাভাজনরা। অথচ তাদের ব্যাপারে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে না। লোপাট করা অর্থের বড় অংশ পাচার করা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে। নিত্যপণ্যের বাজারে আগুন। সংসার চালানোই দায় হয়ে পড়েছে মানুষের। এই সরকারের আমলে প্রতিটি পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে যে সাইবার নিরাপত্তা আইন করেছে তাতেও বিতর্কিত ৪৩ ধারা রয়েছে। এই আইন জনগণের কল্যাণে নিয়ামক নয়। তাই এই আইন বাতিল করুন। বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়িতে মানবিক বিপর্যয় নেমে এসেছে। অথচ সরকার নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বর্তমানে যে টাকা ও খাদ্য শস্য দেওয়া হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। সাগর-রুনিসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। পুরো রাষ্ট্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় আছে। দেশের ভোটব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এ সরকারের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

এইচএসসি পরীক্ষার্থীদের নির্মমভাবে প্রহার কোনভাবেই সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন সাবেক যোগাযোগ মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

গণমিছিলে অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলায়েন, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, গণতান্ত্রিক আইনজীবি ফোরামের সভাপতি অ্যাড. নূরে আলম, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি এবিএম সেলিমসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ