সকল খাস জমি অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের লিজ দেয়ার আহ্বান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সকল খাস জমি অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের লিজ দেয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৮, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৮, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দেশের সকল খাস জমি অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীন, কৃষকদের নামে লিজ দেয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অন্যথায় সরকার যদি ভূমিহীন কৃষকদের দাবি দাওয়া না মানা হয়, প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা।

রবিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ভূমিহীন কৃষক আয়োজিত সমাবেশ এসব কথা বলেন তারা।

এসময় উপদেষ্টাদের উদ্দেশ্য করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ূম বলেন, দেশের সকল খাস জমি অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের লিজ দিতে হবে। তাদেরকে সেখানে বাসস্থানের ব্যাবস্থা করে দিতে হবে। তাদের অধিকার সম্পর্কে বুঝতে হবে।

তিনি বলেন, এত এত সংস্কার কমিশনে কারও উপকার হয়নি। ভূমিহীন, কৃষক, দিনমজুরদের টাকায় আপনারা চলেন, রাষ্ট্র পরিচালনার খরচ জোগান। কিন্তু তাদেরকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্ছিত রাখছেন।

তিনি আরও বলেন, কৃষকরা সব সময় অবহেলিত। তারা তাদের ন্যায্যতা থেকে বঞ্চিত। তাদের ধানের দাম নির্ধারণ করে দেয় অন্যজন। এতে কৃষকদের লোকসান হচ্ছে কি বা তা বুঝার প্রয়োজন মনে করেন না। অথচ শিল্প কারখানায় যারা উৎপাদন করে তারাই মূল্য নির্ধারণ করে দেয়। আর সরকার ভ্যাট বসিয়ে তা বাস্তবায়ন করে। অথচ কৃষকের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তাই এসব থেকে বের হয়ে ভূমিহীন কৃষকদের সকল দাবি-দাওয়া মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস কে উদ্দেশ্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী বলেন, এই মুহুর্তে চট্টগ্রাম বন্দর নিয়ে ভাবা জরুরী নয়। এটা নিয়ে পরে ভাবলেও হবে। অন্য কেউ ভাববে। কিন্তু ভূমিহীনদের নিয়ে এখনই আপনি না ভাবলে ভাবার কেউ থাকবে না।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা কোন নতুন বাংলাদেশ গড়তে চাইছেন? যেখানে ভূমিহীন, দিনমজুরদের মাথা গোজার ঠাঁই নেই। এত এত সংস্কার করে কি হবে, যদি ভূমি সংস্কারই করতে না পারলেন। ভূমি সংস্কার ছাড়া কোনো সংস্কারেই কাজ হবে না; তাই এমন সংস্কার করুন যেখানে ভূমিহীনরা থাকতে জীবন নিয়ে বাঁচতে পারে, চলতে পারে, নির্দ্বিধায় থাকতে পারে।

সাকী বলেন, জুলাই আন্দোলনে আমরা সবাই একই কাতারে রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিস্ট বিদায় করেছি। এখানে ভূমিহীন, কৃষক, দিনমজুরসহ সবাই আত্মত্যাগ করেছে। ফলে দেশের নতুন যাত্রা শুরু হয়েছে। এত বড় অভ্যুত্থানের পর ওরা কি পেলো? এই লোকরা আজও ভূমিহীন, বাসস্থানহীন।

আমার বাংলাদেশ (এবি পার্টির) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ভূমিহীনরা নিজেদের অধিকার চায়। এই দেশে এক খণ্ড জমি চায়। কিন্তু সরকার তাদের এসব অধিকার দিতে পারছে না। আমরা বলে দিতে চাই ভূমিহীন কৃষকদের সকল দাবি-দাওয়া মেনে নিন। আমরা তাদের সাথে সব সময় আছি। প্রয়োজনে তাদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ