সত্যিই কি সিসিক নির্বাচনে প্রার্থী হচ্ছেন মেয়র আরিফ? - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সত্যিই কি সিসিক নির্বাচনে প্রার্থী হচ্ছেন মেয়র আরিফ?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

 

আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিসিক নির্বাচনে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থীতা নিয়ে রহস্য যেন কাটছে না। 

এদিকে, মে দিবস উপলক্ষে সোমবার দুপুরে নগরীর রেজিস্টারি মাঠে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সহযোগী বিভিন্ন সংগঠনের শোভাযাত্রা এবং সমাবেশে অংশ নিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দেন বিএনপির কার্যনির্বাহী পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, আমরা এখন অধিকার আদায়ের লড়াইয়ে আছি। অধিকার আদায়ের লক্ষ্যে আগামী সিটি করপোরেশন নির্বাচনে আমাদের দল (বিএনপি) অংশগ্রহণ করবে না। তবে সিলেটের প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাব।

তিনি আরও বলেন, বিএনপি কেন নির্বাচনে যাবে না তার ব্যাখ্যাসহ কারণ এবং কেন সিলেটের প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাব-এ দু’টি বিষয়ে জানাতে ২০ মে রেজিস্টারি মাঠে সমাবেশ আহ্বান করেছি। ওই সমাবেশে সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করে জনগণের কাছে তুলে ধরব।

এ সময় ইভিএম পদ্ধতির সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, সিটি নির্বাচন একটি প্রহসনের নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। যেখানে জাতীয় ভাবে সারা দেশে জাতীয় নির্বাচনে ইভিএম প্রত্যাখ্যান করা হয়েছে, সেখানে আবার সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম দেওয়া হয়েছে। এই ইভিএম হচ্ছে তাদের মেকানিজমের অন্যতম বিষয়। যে নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের লোকদের ভোট দিবেন সেই ভোট অন্য পাত্রে চলে যাওয়ার সুযোগ রয়েছে। 

তিনি বলেন, আমরা দেখতে পাই এই মহানগরীর জনগণ ইভিএমের সঙ্গে কোনোভাবেই পরিচিত নয়। কাজেই এই নির্বাচন কমিশনকে বলব যদি তারা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করতে চায়, জনগণের বিরুদ্ধে কিছু হলে এর দায় দায়িত্ব নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। নির্বাচন কমিশন তাদের চোখ থাকতে যদি অন্ধ হয়ে যায় তবে কিছু বলার নেই।

তিনি বলেন, যে ইভিএম প্রত্যাখ্যান করা হয়েছে সেই ইভিএম দিয়ে সিটি নির্বাচন মানি না। সিটি নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল করতে হবে। ইভিএম কোনো ভোট মানি না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ