সবাইকে প্রস্তুত থাকতে বললেন নূর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়ে বলেছেন, আগামী তিনদিন অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আমাদের কর্মসূচি লিফলেট বিতরণ চলবে।
আগামী ২৪ তারিখ সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে, তার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন।
তিনি বলেন, অবরোধ মানে অবরোধ। দোকান-পাট, গাড়িঘোড়া সব বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ (নুর) আয়োজিত সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
সভায় নুরুল হক নুর বলেন, আমাদের মত সাধারণ জনগণ নাকি হাইকোর্ট অবমাননা মূলক কথা বলে। যে দিন প্রধান বিচারপতিকে অপমান করে প্লেনে উঠিয়ে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছিল সেদিন হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথায় ছিল?
তিনি বলেন, আজ বিরোধীদলের নেতাকর্মীদেরকে সাজা দেওয়ার জন্য এই ক্যাঙ্গারু কোর্ট ব্যবহার করা হচ্ছে। যে কারণে বিরোধী দলের নেতাকর্মীদেরকে কোর্টে হাজিরা না দিতে বলা হয়েছে। যতদিন পর্যন্ত না দেশে আইনের শাসন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারি ততদিন পর্যন্ত এই ক্যাঙ্গারু কোর্টকে প্রত্যাখ্যান করব।
নুর বলেন, হরতাল আন্দোলন এরপরে অসহযোগ আন্দোলন ছাড়া এই দেশকে রক্ষা করার আর কোন পথ নাই। অর্থনীতিবিদরা বিভিন্ন বুদ্ধিজীবীরা বারবার বলছে, শেখ হাসিনার একগুঁয়েমির কারণে দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে। কিন্তু তার কর্ণপাত হচ্ছে না। তিনি তার ক্ষমতা ধরে রাখবেন। দেশ গোল্লায় যাক, দেশের জনগণ গোল্লায় যাক, তাতে তার কিছু যায় আসে না। শুধুমাত্র একজন ব্যক্তির কারণে এই দেশ ধ্বংসের দিকে যাবে, দুর্ভিক্ষের দিকে যাবে। এটা হতে দেওয়া যাবে না। এই দেশকে রক্ষা করার জন্য ঢাকায় এবং ঢাকার বাহিরে প্রতিটি অলি গলিতে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে।
গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ এ সময় সভায় দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ