সবার জন্য উন্মুক্ত ড্রোন শো আজ, দেখা যাবে যখন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানী ঢাকায় আজ সোমবার (১৪ এপ্রিল) এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো ও কনসার্ট আয়োজন হচ্ছে। ‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে উপলক্ষ্যে এই আয়োজন।
আজ বিকেল তিনটায় কনসার্ট শুরু হলেও নজরকাড়া ড্রোন শো শুরু হবে সন্ধ্যা সাতটায়। কনসার্ট ও ড্রোন শো সবার জন্য উন্মুক্ত। চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় এই ব্যতিক্রমধর্মী ড্রোন শোটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে।
ড্রোন শো ও কনসার্টে নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক জানান, পুলিশের পাশাপাশি র্যাব নিরাপত্তার দায়িত্বে রয়েছে। কনসার্ট ও ড্রোন শোতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব।
এদিকে গত শনিবার সন্ধ্যায় সংসদ ভবনের সামনে মহড়ায় প্রথমবার আকাশে ভেসে ওঠে ড্রোনচিত্র ও রঙিন লেজার রশ্মি। এ শোতে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালকে তুলে ধরা হয় বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে। উঠে আসে ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা।
শোয়ের মহড়ায় উপস্থিত জনতা মুগ্ধ হয়ে দেখেছেন বুক চিতিয়ে দাঁড়ানো আন্দোলনকারী আবু সাঈদ, পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধতা, আর ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো বার্তা। এছাড়া জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণঅভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে।
এদিকে শুক্রবার (১১ এপ্রিল) সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে অসাধারণ ড্রোন শো উপভোগের জন্য ঢাকাবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ আমন্ত্রণ জানান তিনি।
জনতার আওয়াজ/আ আ