সব কথার শেষ কথা সরকারকে বিদায় নিতে হবে: দুদু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সব কথার শেষ কথা এ সরকারকে বিদায় নিতে হবে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, রোড মার্চ হচ্ছে অবৈধ সরকারকে বিদায়ের এক দফা বাস্তবায়নের একটি পদক্ষেপ। এই রোড মার্চ নেত্রীর মুক্তির জন্য, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার। এই রোড মার্চ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। জনগণকে ঐক্যবদ্ধ করা, চূড়ান্ত ফয়সালার দিকে নিয়ে যাওয়া।
শনিবার (১৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় রোড মার্চের প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা মিটতে পারে কেয়ারটেকার সরকার এবং তার অধীনে নির্বাচন করার মধ্য দিয়ে। তাই এই সরকারকে বিদায় করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, সীমাহীন দুর্নীতি, লুটপাট এবং নির্যাতনের বিরুদ্ধে এবার শেষ লড়াইটা করতে হবে। এবং এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে অংশগ্রহন করতে হবে। আমাদের রোড মার্চ হচ্ছে অবৈধ সরকারকে বিদায়ের এক দফা বাস্তবায়নের একটি পদক্ষেপ। তাই সবাইকে অংশগ্রহন করতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, উপদেষ্টা মেহেদী আহমেদ রুমী, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ