সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে: প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২২, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২২, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশে সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবেন। এমনকি আমাদের ইসলাম ধর্মের সুরা কাফিরুনে স্পষ্ট বলা আছে, ‘লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন’। অর্থাৎ যার যার ধর্ম সে পালন করবে। কেউ কারও ওপর হস্তক্ষেপ করবে না।

রবিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই এই মাটির সন্তান। এই মাটিতে আপনারা সবাই নিজ নিজ অধিকার নিয়ে বাস করবেন। মহান মুক্তিযুদ্ধে সবাই এক হয়ে যুদ্ধ করেছেন। কাজেই এখানে সবার সমান অধিকার রয়েছে। সেই অধিকার যাতে বলবৎ ও সুপ্রতিষ্ঠিত থাকে আমরা সবসময় সেই চেষ্টাই করি।

তিনি বলেন, আজকে দেশের ঘরে ঘরে খাবার-বিদ্যুৎ আছে। আমরা তৃণমূল পর্যন্ত চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছি। সারা বাংলাদেশে যে উন্নয়নের ছোঁয়া, সেটি আপনারা জানেন। সেজন্য আপনার বাংলাদেশের অগ্রযাত্রার জন্য আশীর্বাদ করুন।

শেখ হাসিনা বলেন, আমরা মনে করি, মানুষের কল্যাণ করাটাই আমাদের একমাত্র দায়িত্ব। ২০০৮ সালের নির্বাচনে বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, সেটি আমরা করে দিয়েছি। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ। ইনশাআল্লাহ, আমরা সেটাও করতে পারব।

তিনি বলেন, আমরা চাই শান্তিপূর্ণভাবে আপনাদের (হিন্দু ধর্মাবলম্বী) পূজা সম্পন্ন হোক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমাদের সংগঠনের সব নেতাকর্মী আপনাদের পাশে থাকবে। কোনো রকম ঘটনা যাতে এখানে কেউ না ঘটাতে পারে সেদিকে আমরা সতর্ক থাকব। সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ