সময় বেশি দিন নাই, বলা বলি বন্ধ হয়ে যাবে : গয়েশ্বর চন্দ্র রায়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ১৬, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সময় বেশি দিন নাই, বলা বলি বন্ধ হয়ে যাবে। শত চেষ্টা করলেও এই সরকারকে রাখা যাবে না। সরকার ও প্রশাসন এক হয়ে লুটপাট করছে। কারণ এই সরকার ফ্যাসিস্ট ও অত্যাচারী।’
সোমবার (১৬ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল পূর্বে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকার বিরোধী সমালোচনা করা সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। সাফ কথা জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের হয়ে যুদ্ধ করে ছিলাম। সেই বিএনপি অন্য কোনো দেশের গোলামী করতে পারে না। রক্ত চক্ষু হামলা মামলা গ্রেপ্তার উপেক্ষা করে অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাবে। মরতে হয় মরবো তবুও বাংলাদেশকে বাংলাদেশের জায়গা নিয়ে যাব। ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, দাঁড়াবে। নেতা-কর্মীদের উপর আঘাত আসলে অন্যায়কারীর প্রতি পাল্টা হাত তোলা নৈতিক অধিকার।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘চলমান ঐক্য ধরে রাখতে হবে। রাজপথ আন্দোলনে এই সরকারের পতন ঘটবে। খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার হামলা মামলা অধিকার কেড়ে নিয়ে আন্দোলন থামানো যাবে না। আন্দোলন বাংলাদেশের মানুষ হাতে তুলে নিয়েছে। আন্দোলনের মালিকানা জনগণের হাতে চলে গেছে। আগামীর প্রতিটি কর্মসূচিতে উত্তর-উত্তর সফলতার মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটানো হবে।’
জনতার আওয়াজ/আ আ