সমাবেশের রাজধানী আজ, মাঠে থাকবে ১২ দল ও দুই জোট
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ৫:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ৫:৩৯ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ
আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী ও ১২-দলীয় জোট পৃথক কর্মসূচি ঘিরে আজ মহাসমাবেশের নগরীতে পরিণত হবে রাজধানী ঢাকা।
সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় নয়াপল্টনের দক্ষিণ গেটে বিএনপি মহাসমাবেশ শুরু হবে। অন্যদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। দুপুর ২টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হবে।
এ ছাড়া জামায়াতে ইসলামী রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে। দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৭ অক্টোবর) ডিএমপির সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, রাজধানীতে জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।
তবে অন্যান্য আরও যেসব দল সমাবেশ করলে সেগুলো হলো কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি কার্যালয়ের সামনে দুপুর ৩টায় সমাবশে করবে এলডিপি, মালিবাগ মোড় দুপুর ৩টায় সমাবেশ করবে এনডিএম, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে দুপুর ২টায় সমাবেশ করবে ১২-দলীয় জোট।
এ ছাড়া বিজয়নগর পানির ট্যাংক মোড়ে সকাল ১১টায় সমাবেশ করবে গণ অধিকার পরিষদ (নুরুল হক), পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে দুপুর ২টায় সমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট, পুরানা পল্টন কালভার্ট এলাকায় দুপুর ৩টায় সমাবেশ করবে গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) ও জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ১২টায় সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্য।
জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ৩টায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ, মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে দুপুর ১২ টায় সমাবেশ করবে গণফোরাম ও পিপলস পার্টি ও পুরানা পল্টন মোড়ে বিকেল ৪টায় সমাবেশ করবে লেবার পার্টি।
রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ করবে বিএনপি। সেই সমাবেশেকে কেন্দ্র করে মধ্যরাতে বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখর দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন। ‘কে বলেরে জিয়া নাই, জিয়া ছাড়া উপায় নাই। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।’— বিএনপি কর্মীদের এসব স্লোগানে মুখরিত দলটির নয়াপল্টনের কার্যালয়ের সামনে সড়ক। তাছাড়া বিএনপি নেতাকর্মীদের মঞ্চ তৈরী করতেও দেখা গেছে।
শনিবার (২৮ অক্টোবর) রাতে সরেজমিনে নয়াপল্টনে এ চিত্র দেখা গেছে। রাত সাড়ে বারোটার পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক থেকে দেড় হাজার নেতাকর্মী উপস্থিত থেকে নানা স্লোগান দিতে দেখা গেছে। পাশেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের অনেকেই হোটেলে স্থান না পেয়ে রাতে নয়াপল্টনের আশেপাশের রাস্তার ফুটপাতে ঘুমানোর জন্য অবস্থান নিয়েছেন। এমনকি কয়েকজন বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের রাস্তার ফুটপাতে ঘুমাতে দেখা যায়।
রাত যত গভীর হচ্ছে, নেতাকর্মীদের সংখ্যা ততই বাড়ছে।
এর আগে রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিকে ২০ শর্তে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।
তিনি জানান, বিএনপিকে ও আওয়ামী লীগকে ২০ শর্তে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
এ ছাড়া শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি। আজ শুক্রবার (২৭ অক্টোবর) ডিএমপির সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।
এদিকে মহাসমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল। তবে আগেই ডিএমপি জানিয়েছিল জামায়াতকে অনুমতি দেওয়া হবে না।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৮ অক্টোবর বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল। এরপর আওয়ামী লীগও একই দিন ঘোষণা দেয় যে, তারা ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।
জনতার আওয়াজ/আ আ