সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত, ৮ বিভাগেই বৃষ্টির আভাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত, ৮ বিভাগেই বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১২, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১২, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ শক্তিশালী হয়ে ক্রমশই বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এটি সিডরের চেয়েও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ইতোমধ্যে দেশের সবকটি সমুদ্রবন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর শুক্রবার (১২ মে) বেলা সাড়ে ৩টার দিকে ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি দেয়। সেখানেই এই সংকেত পাল্টানোর বিষয়টি তুলে ধরা হয়। এদিন দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান। পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া মোখা উত্তর দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী রবিবার (১৪ মে) দুপুরের দিকে এটি বাংলাদেশ উপকূলে আঁচড়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বিকেলে সর্বশেষ বিশেষ বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড় মোখা চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ১৩০ কিলোমিটার; যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর (পুনঃ) দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থান থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সমুদ্রে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া মোখা সিডরের চেয়ে ভয়াবহ হবে। এটি আগামী রবিবার দুপুর নাগাদ কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। তবে পুরো চট্টগ্রাম বিভাগ ঘূর্ণিঝড় মোখায় আক্রান্ত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে আসার সময় প্রচুর বৃষ্টি ঝরাবে। সেই সঙ্গে উপকূলীয় নিচু এলাকা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ২.৭ মিটার বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পরে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ