সরকারকে পদত্যাগ করতে হবে: আনু মুহাম্মদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ২, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ২, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, এ সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। কিন্তু তাদেরকে বিচার করতে হবে। ছাত্রদের মুক্তি দিতে হবে। কারফিউ উঠিয়ে নিতে হবে। সবচেয়ে বড় কথা হল এই সরকারের পদত্যাগ করতে হবে।
শুক্রবার (২ আগষ্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আমাদের সবাইকে ধৈর্যের পরিচয় দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা সহিংসতা চালাতে চায়, তাদের ব্যাপারে সাবধানে থাকতে হবে। সরকার এবং দেশি-বিদেশি বিভিন্ন গোষ্ঠী চক্রান্তের চেষ্টা করছে। তার থেকে সাবধান থাকতে হবে। দেশের তিন বছরের বাচ্চা থেকে শ্রমজীবী-পেশাজীবী সবার উপর আক্রমণ আসছে। জমিন থেকে আক্রমণ আসছে, আকাশ থেকে আক্রমণ আসছে। গুলিতে প্রায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছে। যারা নিহত হয়েছে, তাদের মা-বাবারা হাহাকার করছেন। হাজার হাজার আহত হয়েছেন, তাদের মা-বাবারা অনিশ্চয়তার মধ্যে আছেন।
তিনি আরও বলেন, এই জুলাইয়ে যে রকম হত্যাযজ্ঞ হয়েছে, আমরা ৫২ এরপর থেকে অনেক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু মাত্র কয়েকদিনে এরকম হত্যাযজ্ঞ কেউ করে নি, এতো রক্তপাত কেউ করেনি। সরকার ভেবেছিল, এরকম নারকীয় হত্যাযজ্ঞ চালালে আন্দোলন দমে যাবে। কিন্তু প্রতিবাদ আরও বেড়েছে। শিক্ষার্থীদের পাশে শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজ দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ এখন মুক্ত বাংলাদেশের জন্য লড়াই করছে। এই মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, মুক্তিযুদ্ধকে এই দখলদারের কাছ থেকে রক্ষা করতে হবে।
এ সময় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অভিভাবক সমাজ সাংস্কৃতিক কর্মী, শিক্ষক এবং কওমি মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ