সরকারি চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারি চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সরকারি চাকরিপ্রার্থীদের সুখবর দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, ‘প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, জনগণের ভোগান্তি কমানো ও নাগরিক সেবা নিশ্চিত করতে সারা দেশের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্যপদ পূরণের লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।’

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে তিনি এসব কথা বলেন।

আব্দুল বারী বলেন, “কর্মপরিকল্পনায় উল্লেখিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ-সংক্রান্ত সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হচ্ছে।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘শূন্যপদের সঠিক তথ্য সংগ্রহ এবং নিয়োগের অধিযাচন (রিকুইজিশন) দ্রুত পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহে ইতোমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দ্রুততম সময়ে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ