সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় সংসদ ভবনের পশ্চিম ব্লকের নবম তলায় অবস্থিত সরকার দলীয় সভাকক্ষে (কক্ষ নম্বর ৯৩২) এই সভা শুরু হয়। সভায় সরকার দলীয় সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়।
সভা শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব, এবং দেশের উন্নয়ন কার্যক্রমের প্রেক্ষাপট তুলে ধরেন। সভায় আগামী সংসদ অধিবেশনের কার্যক্রম, বিভিন্ন বিল ও প্রস্তাবনা পর্যালোচনা করা হয়। এছাড়া সরকারের চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে কয়েকজন সংসদ সদস্য সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী দলীয় সব সদস্যকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি সংসদে সরকারের অবস্থান আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
এদিকে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে ১৩৩টি অধ্যাদেশকে আইন আকারে রূপান্তর করার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য জাতীয় সংসদ অধিবেশন এখন থেকে দিনে দুই সেশনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ মঙ্গলবার থেকে সংসদে দিনে দুইবার অধিবেশন অনুষ্ঠিত হবে—প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন বিকেল সাড়ে ৩টায়।
অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে গতকাল সোমবার সাতটি বিল পাস হয়। একই দিনে আরও তিনটি বিল উত্থাপন করা হয়েছে। তবে এসব বিলের ওপর বিরোধী দলের আপত্তি থাকায় এগুলো পরবর্তী কার্যদিবসে আলোচনা শেষে পাস হতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতায় আগামী ১২ তারিখের মধ্যে এই অধ্যাদেশগুলোকে আইন আকারে রূপান্তরের সিদ্ধান্ত নিতে হবে। সময়ের ঘাটতির কারণে প্রতিদিন দুই সেশনে অধিবেশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে জানান, ১৩৩টি বিল পাসের বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে মঙ্গলবার থেকে প্রতিদিন দুই সেশনে অধিবেশন চলবে। তিনি আরও জানান, প্রয়োজন পড়লে আগামী শুক্রবারও অধিবেশন পরিচালনার প্রস্তুতি রাখা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সরকার দ্রুততার সঙ্গে অধ্যাদেশগুলোকে আইন আকারে রূপান্তর করতে পারবে এবং জাতীয় সংসদে সরকারের অবস্থান আরও দৃঢ় হবে।
জনতার আওয়াজ/আ আ