সরকারের অব্যবস্থাপনায় বিদ্যুতের এতো সংকট: জাফরুল্লাহ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের অব্যবস্থাপনায় বিদ্যুতের এতো সংকট: জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৬, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৬, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সরকারের অব্যবস্থাপনার কারণে দেশে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গির আলম মিন্টুর পরিচালনায় মাওলানা ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব শফিউল আলম দোলন প্রমুখ বক্তব্য দেন।

সরকারের উদ্দেশে ডা. জাফরুল্লাহ বলেন, ‘গণতন্ত্র দিতে হবে। মানুষকে কথা বলতে দিতে হবে। আর এই গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধে আমাদের সকলকে অংশ নিতে হবে। এতে যদি কেউ কোনো ধরনের বিপদের সম্মুখীন হয়, তাহলে সকলকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে। ‘

সারা দেশে চলমান বিদ্যুতের সংকটের কথা তুলে ধরে ট্রাস্টি ডা. জাফরুল্লাহ বলেন, এত দিন সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হলেও এখন বলা হচ্ছে সাশ্রয়ী হওয়ার জন্য। রাত ৮টার পর থেকেই দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের অব্যবস্থাপনার কারণে আজ বিদ্যুতের এই সংকট দেখা দিয়েছে। সারা দেশে লোড শেডিংয়ের কারণে অসুস্থ মানুষ আরো বেশি করে অসুস্থ হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আজ আকাশচুম্বী। মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে দরিদ্র মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়টি উপলব্ধি করেই গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে সারা দেশে ২০ হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুরগির মাংস ও চাল, ডাল, তেলসহ প্রতিটি প্যাকেটে একটি পরিবারের পাঁচ-সাত দিন চলার মতো খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ