সরকারের দ্বারাই নির্বাচন বানচাল হয় কিনা, সন্দেহ ফারুকের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের দ্বারাই নির্বাচন বানচাল হয় কিনা, সন্দেহ ফারুকের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, দেশ কোন দিকে চলছে? দেশের সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমার কাছে মনে হচ্ছে সরকারের দ্বারাই কি নির্বাচন বানচাল হয় কিনা? আমরা সন্দেহ করছি না। কিন্তু সন্দেহটা এসে যায়। সন্দেহটা আসে এই কারণে আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন অধিদপ্তরে সচিবালয়ে বসে আছে। তাদের বিষয়ে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। নির্বাচন ফেব্রুয়ারি মাসের যে কয় তারিখে হোক না কেন এই নির্বাচনের আগে আওয়ামী লীগের এই প্রেতাত্মাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে অপরাজেয় বাংলাদেশ-এর উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডাকসু নির্বাচন নিয়ে জয়নুল আবদীন ফারুক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনদিনও হতাশা ছিল না, এখনো নেই, সামনে হবে না। হতাশা করেন তারা, যাদের রাজনীতির সাথে সম্পর্ক থাকে না, যাদের দল বড় নয়, যারা দেশের মানুষের জন্য কিছু করতে পারেন না, যারা ক্ষমতায় যেতে পারেননি তারা। জয়-পরাজয় হবেই। হ্যাঁ, গণতন্ত্রের প্রতি যদি কেউ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোথাও কিছু করে থাকে তাহলে অন্য কথা। এ নির্বাচন জাতীয় নির্বাচন নয়। এটাতে জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি না।

জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে অভিযোগ করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশ্যে বিরোধীদলের সাবেক এই চিফ হুইপ বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সচিবালয়ে, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় ঘাপটি মেরে আছে। একটি সুষ্ঠু নির্বাচন আপনার (প্রধান উপদেষ্টা) কাছে আমরা আশা করি। সন্দেহ আমাদের নেই, কিন্তু নিঃসন্দেহ দূর করতে হলে অচিরেই এদের তালিকা প্রকাশ করে আগামী যেদিন নির্বাচন হোক ফেব্রুয়ারিতে সেই নির্বাচনের আগে এদের সরাতে হবে। ’৯১-এর মতো একটি সুষ্ঠু নির্বাচন আপনি উপহার দেবেন। যে নির্বাচনের জন্য, যে ভোটের জন্য আমার হাজার হাজার ছেলে কারাগারে ছিল, মায়ের বুক খালি হয়েছে। কত মামলা খেয়েছে, এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে রিকশা চালিয়ে জীবন ধারণ করেছে। কবরস্থানে রাত কাটিয়েছে। হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করেছে। সেই সকল নেতাকর্মীর দাবি একটাই। তারেক রহমান বলেছেন একটি সুষ্ঠু নির্বাচন। দেশের মানুষ একটু সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

তিনি বলেন, ১৬ বছরে আমরা কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। ভোট দিতে পারিনি। সেই ভোটের জন্যই আমরা ইউনূসকে সমর্থন করেছি। যাতে আমার ভোট আমি দেব, রাতে নয় দিনে দেব। সেই ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি আলহাজ বাদল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, সংগঠনটির সহ-সভাপতি এম এ আজাদ চয়নসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ