সরকারের পরিকল্পনায় ধারাবাহিক অগ্নিকাণ্ড ঘটছে : গণঅধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ১:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪ ১:২৩ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সরকারের পরিকল্পনায় ধারাবাহিক অগ্নিকাণ্ড ঘটছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের নেতারা।
বুধবার বিকেল ৩টা থেকে রাজধানী ঢাকার পল্টন এলাকায় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদ ও বিদেশী আগ্রাসনের হটানো এবং রাজধানী ঢাকায় ধারাবাহিক অগ্নিকাণ্ড বন্ধে লিফলেট বিতরণকালে এসব মন্তব্য করেন তারা। লিফলেট বিতরণ কর্মসূচিতে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা এক রঙের টিশার্ট গায়ে দিয়ে অংশ নেন।
লিফলেট বিতরণ শুরুতে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল মিয়া মশিউজ্জামান বলেন, আমরা ১৯৭১ সালে পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমরা এখনো ভারতের হাত থেকে মুক্তি পায়নি। আজকে আমাদের দেশের দেশীয় শিল্পগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে, অপরদিকে ভারতে নিত্য নতুন শিল্প গঠে উঠছে। আজকে আমার দেশের চিনি শিল্প নাই, পাট শিল্প নাই, কিন্তু ভারতের সীমান্ত জেলাগুলোতে নতুন নতুন পাঠকল চিনি কল গঠে উঠছে। এজন্যই আমরা স্লোগান ধরেছি, স্বনির্ভর বাংলাদেশ গড়ুন, ভারতীয় পণ্য বয়কট করুন।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আমরা দেশ রক্ষার আন্দোলনে নেমেছি। আমরা জানি এই আন্দোলন অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং; কিন্তু অসম্ভব নয়। আমাদের পূর্বে এই আধিপত্যবাদ আর আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেকেই জীবন দিয়েছেন, অনেকেই গুম হয়েছেন। আমরা শত ঝুঁকি জেনেও দেশ রক্ষায় এই আন্দোলনে নেমেছি। মালদ্বীপ ৬ লাখ মানুষের একটি ছোট দেশ, তারা পেরেছে; আমরা ২০ কোটি জনসংখ্যার বাংলাদেশ, ইনশাআল্লাহ আমরাও পারবো।
ফারুক হাসান আরো বলেন, দেশে এখন সঠিক নেতৃত্ব নেই, দেশপ্রেমিক লিডারশিপ নেই। বাংলাদেশকে রক্ষা করতে হলে দরকার জনগণের আস্থাভাজন দেশপ্রেমিক নেতৃত্ব। যারা নিয়মিত পাশের দেশের দূতাবাসে গিয়ে হাজিরা দেয় আর মাসোহারা নেয়, তাদের দিয়ে বাংলাদেশের কোনো পরিবর্তন আসবে না।
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এস ফাহিম, যুবনেতা সাকিব হোসাইন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ