সরকারের বিরুদ্ধে গণঅভিশাপ কর্মসূচির ডাক দেবে এবি পার্টি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের বিরুদ্ধে গণঅভিশাপ কর্মসূচির ডাক দেবে এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ

 

দ্রব্যমূল্যের খড়গ ও যানজটের যন্ত্রণা থেকে জনগণ রেহাই না পেলে পবিত্র রমজান মাসে সরকারের বিরুদ্ধে গণঅভিশাপ কর্মসূচির ডাক দেবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ শুক্রবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয় এবি পার্টি।

পবিত্র রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রাজধানীর বিজয়নগরে এ সমাবেশ করে এবি পার্টি। দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু।


এতে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান কচি, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুঁইয়া, বি এম নাজমুল হক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।

মজিবুর রহমান মন্জু বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসলে দুটি জিনিস উপহার দেয় একটি হলো একদলীয় শাসন আর দ্বিতীয়টি হলো দুর্ভিক্ষ। বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্য বাড়ানোর ব্যাপারে সরকারের কোনো দ্বিধা সংকোচ নাই। যখন যা খুশি তারা তাই করে যাচ্ছে। অল্প কিছু দিনের মধ্যে তারা তিন তিনবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। পবিত্র রমজান আসার আগেই চিনি, তেলসহ সব ধরনের খাবারের দাম পাল্লা দিয়ে বাড়ছে। দ্রব্যমূল্যের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের সব নিয়ন্ত্রণ বিরোধী দলের ওপর।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গরিব মানুষের অভিশাপে হাসিনা সরকারের করুণ পরিণতি ইতিহাসে লেখা থাকবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রব্যমূল্যের খড়গ ও যানজটের যন্ত্রণা থেকে জনগণকে রেহাই না দিলে সরকারের বিরুদ্ধে পবিত্র রমজানে গণঅভিশাপ কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে এবি পার্টি।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, দেশের মানুষ নীরব দুর্ভিক্ষে দিনাতিপাত করলেও প্রধানমন্ত্রীর সুখ সম্ভোগের শেষ নাই। তিনি কত পদের খাবার খাচ্ছেন তা হলো আমাদের টেলিভিশনগুলোর হেড লাইন। তিনি কত দামের রং বাহারি শাড়ি পরেন তা হলো সোশ্যাল মিডিয়ার আলোচনা। ইতিহাসে যাদের করুণ পতন হয়েছে তাদের অতীতও একই রকম ছিল।

তিনি বলেন রমজানের আগে বিদ্যুৎ ও দ্রব্যমূল্য আবার বৃদ্ধি করে সরকার জনগণের ওপর জুলুমের স্টিম রোলার চালু করেছে, এর প্রতিদান তারা অবশ্যই ভোগ করবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, এম আমজাদ খান, শ্রমিক নেত্রী বেবী পাঠান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, যুবপার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম ইলিয়াস আলী, যুব পার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মিনহাজুল আবেদীন শরীফ, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, সাইফুল মির্জা, দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, আহমাদ বারকাজ, ছাত্র বিভাগের সমন্বয়ক মোহাম্মদ প্রিন্স, যুব পার্টির যুগ্ম সদস্য সচিব হাদিউজ্জামান, তোফাজ্জল হোসেন রমিজ, মাসুদ জমাদ্দার রানা, সুলতানা রাজিয়া, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, আমিরুল ইসলাম নুর, নারী নেত্রী আমেনা বেগম, জেসমিন আক্তার মুক্তা, ফেরদৌসী আক্তার অপি, উত্তরের সংগঠক সেলিম খান, আব্দুর রব জামিল, রুনা হোসাইন, নজরুল ইসলাম পল্টন থানা আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মুন্সি, সদস্য রনি মোল্লা, ছাত্রনেতা ফজলে এলাহী, তুবা মেহজাবিন, হাসিবুর রহমান, রাকায়েত তুর্যসহ কেন্দ্রীয়, মহানগর, যুব ও ছাত্র বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ