সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব গতকাল বলেছেন—দুর্নীতি সারা বিশ্বেই আছে, শুধু বাংলাদেশকে অপবাদ দেয়া হয়। তার এই বক্তব্যের প্রেক্ষিতে বলতে চাই—দুর্নীতি হয়তো সারাবিশ্বেই কমবেশী থাকতে পারে, কিন্তু বিশ্বব্যাপী আওয়ামী মার্কা দুর্নীতির কলঙ্ক তীলক আর কোথাও আছে বলে জানা নেই।

ওবায়দুল কাদের সাহেব আপনাদের মন্ত্রীর দুর্নীতি করা টাকা ফেরত দিতে হবে। যে দেশে একটা বালিশের দাম ২৭০০০, বালিশের কাভারের দাম ২৮০০০, পর্দার দাম ৩৩০০০ টাকা। করোনা কালে চিকিৎসা সরঞ্জাম নিয়ে সবচেয়ে বেশী দুর্নীতি হয়েছে।

রেল বিভাগে টাকা বিনিময় বানিজ্যের কথা সবার নিশ্চয়ই স্মরণে আছে। গভীর রাতে মন্ত্রীর এ পি এস এর বাসায় ৭০ লাখ টাকার স্তুপের কথা অর্থাৎ কালো বিড়ালের কথা কেউ ভুলে যায়নি।

দুর্নীতির এ রকম লঙ্কাকান্ড পৃথিবীর কোথাও ঘটে না। কয়েকবার দুর্নীতিতে বিশ্বনচ্যাম্পিয়ন হয়েছে আওয়ামী সরকার। সাবেক অর্থমন্ত্রী মরহুম মুহিত সাহেব বলেছিলেন, চার হাজার কোটি টাকার দুর্নীতি কিছুই না।

এখন ওবায়দুল কাদের সাহেবের কাছে আমার প্রশ্ন—কত হাজার কোটি টাকা আত্মসাৎ করলে সেটিকে আওয়ামী পরিভাষায় দুর্নীতি হিসেবে গণ্য করা হবে। ওবায়দুল কাদেরের কথায় মনে হচ্ছে যে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে।

রিজভী বলেন, টিআইবি বলছে, এই দুর্নীতি বর্তমানে আরও অবনতিশীল হয়েছে। আর এজন্যই টিআইবি’কে বিএনপি’র দালাল বলা হচ্ছে। বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী কারাগারে, এরা কি কারণে কারাবন্দী সেই কথাটি সাবলিলভাবে ফাঁস করেছেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এখন ওবায়দুল কাদের সাহেব আপনি কখন ড. আব্দুর রাজ্জাক—কে বিএনপি’র দালাল বলবেন, সেটির জন্য জাতি অপেক্ষা করছে। দখলদার আওয়ামী সরকার শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত দুর্নীতিকে ছড়িয়ে দিয়েছেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, জনগণ প্রত্যাখাত একদলীয় ডামি সংসদের প্রথম অধিবেশন শুরুর কয়েক ঘন্টা পরই জানা গেল আবাসিক পর্যায়ে গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া ১০০ টাকা থেকে বৃদ্ধি করে ২০০ টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মিটার চালানো ও রক্ষনাবেক্ষণের ব্যয় সমন্বয় করতেই নাকি এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিটার ভাড়া এক লাফে দ্বিগুণ বৃদ্ধি ৭ জানুয়ারী নীরবে সার্কাস দেখার শাস্তি হিসেবে জনগণের ওপর ধার্য করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, এমনিতেই আবাসিক পর্যায়ে গ্যাসের সরবরাহ মারাত্মক অবনতি হয়েছে। বাসাবাড়িতে দিনে-রাতে অধিকাংশ সময়ে গ্যাস থাকে না। অথচ অবৈধ সরকার নানা কৌশলে গ্যাস ব্যবহারকারী সাধারণ মানুষের কাছ থেকে টাকা চুষে নিচ্ছে। গ্যাস সরবরাহ নিশ্চিত না করে সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে মিটার ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রেরই বহিঃপ্রকাশ।

ভয়াবহ ডলার সংকটের কারণে রপ্তানী প্রবৃদ্ধিতে ধ্বংস নেমেছে। তৈরী পোশাক ও বস্ত্র খাতে নগদ সহায়তা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অবৈধ ডামি সরকার। এমনিতেই বায়ারদের কাছ থেকে পোশাকের অর্ডার অর্ধেকে নেমে এসেছে।

এছাড়াও চামড়া, পাটজাত পণ্য, এগ্রো প্রসেসিং পণ্যে নগদ সহায়তা অনেক কমিয়ে দেয়া হয়েছে। ফলে এ সমস্ত পণ্যের রপ্তানী চরমভাবে হ্রাস পাবে। ভোটারবিহীন সরকার কখনোই জনকল্যাণমুখী হতে পারে না। এরা অবাধ লুন্ঠনের যে নজীর তৈরী করেছে, তা পৃথিবীতে বিরল। বেপরোয়া দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘনের সুযোগ দিয়ে এরা রাষ্ট্রের বিভিন্ন বাহিনী ও সংস্থা গড়ে তুলেছে।

এদেরকে দিয়েই প্রবল জনমতকে দমন করা হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবির ওপর নামিয়ে আনা হয় এক ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাস। দলীয় ক্যাডার, সন্ত্রাসী আর সিন্ডিকেটবাজদেরকে ভরণপোষণ করতে গিয়ে রাষ্ট্রের কোষাগার শুন্য করা হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে যেভাবে হরিলুট হয়েছে, সেটি পূরণ করতেই এরা রপ্তানী খাত থেকে তহবিল কমাচ্ছে।

রিজভী বলেন, প্রভুদের সমর্থনে ডামি নির্বাচন করে অবৈধ ক্ষমতার জোরে আওয়ামী মন্ত্রীরা নিজেদেরকে এখন অখন্ড কতৃর্ত্বের অধিকারী ভাবছেন। এরা গণতান্ত্রিক বিশ্বের নামকরা গণমাধ্যমকেও তুচ্ছতাচ্ছিল্য করছে অবলীলায়। নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুসকে নিয়ে বিশ্বের অনেক নোবেল বিজয়ী ও বিশ্ব নেতাদের বিবৃতি প্রকাশিত হয়েছে ওয়াশিংটন পোষ্টে।

এই বিবৃতিকে বিজ্ঞাপন বলে তুচ্ছতাচ্ছিল্য করছেন পররাষ্ট্রমন্ত্রী। গণমাধ্যম নিয়ন্ত্রণে পারদর্শী আওয়ামী সরকারের মন্ত্রীরা রাষ্ট্রশক্তিকে কব্জায় নিয়ে ‘ধরাকে সরা জ্ঞান’ করছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. ইউনুস প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, বাংলাদেশে নাকি বিচার প্রক্রিয়া স্বচ্ছ। স্বচ্ছ বটে তবে সেটি বর্তমানে বুড়িগঙ্গা নদীর পানির মতোই। রুচিহীন, আপত্তিকর ও বানোয়াট কথা বলার জন্য আওয়ামী মন্ত্রীদের পুরস্কৃত করা উচিত।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অভিযোগ করে বলেন, গতকাল বিএনপি’র পূর্বঘোষিত শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে।

এই হামলায় নেতাকর্মীদের অনেককে নাজেহাল, গ্রেফতার ও অনেকের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমি বর্বরোচিত এই পুলিশী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিলকিস জাহান শিরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ