সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে : কৃষক দল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে : কৃষক দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৫, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৫, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার আরও বেশি বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় কৃষক দলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামের পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ অভিযোগ করেন। কৃষক দল চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মো. মোকাররম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন তারা।

বিবৃতিতে কৃষক দলের শীর্ষ নেতৃদ্বয় বলেন, গত ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে। রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানান কায়দায় দমন-পীড়নের মাত্রা বৃদ্ধি করেছে। মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে এক জুলুমের সংস্কৃতি তৈরি করা হয়েছে। অসত্য মামলায় চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মো. মোকাররম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী মাত্রাতিরিক্ত জুলুমেরই ধারাবাহিকতা।

তারা আরও বলেন, বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এক সর্বগ্রাসী অরাজকতা দেশকে গ্রাস করে ফেলেছে। দুঃশাসন দীর্ঘায়িত করার জন্যই শহর থেকে গ্রাম সর্বত্রই ভীতি ছড়িয়ে দেয়া হচ্ছে।

বিবৃতিতে কৃষক দলের শীর্ষ নেতৃদ্বয় বলেন, সারা দেশে প্রতিনিয়ত ডামি সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করা হচ্ছে। এ ঘটনায় তারা উদ্বিগ্ন। তারা মোকাররম হোসেনের মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ