সরকার একতরফা নির্বাচনের নামে তামাশার উৎসব করছে : ডা. ইরান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বর্তমান সরকার একতরফা নির্বাচনের নামে তামাশার উৎসব করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি বলেছেন, ‘বিএনপির অফিসে তালা ঝুলিয়ে ও নেতাকর্মীদের কারাগারে আটকে রেখে সরকার নির্বাচনের নামে তামাশার আয়োজন করছে। দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর লক্ষাধিক মিথ্যা ও বানোয়াট মামলায় নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়নের মাধ্যমে প্রতিহিংসার দাবানল জ্বালিয়ে দিয়েছে। নেতাকর্মীদের বেশিরভাগ জেলে অথবা গ্রেফতারের ভয়ে বনে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন।’
মঙ্গলবার দুপুরে নির্বাচন বাতিলের দাবিতে হরতাল কর্মসূচি সমর্থনে ঢাকা মহানগর লেবার পার্টির বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. ইরান বলেন, ‘দেশে নির্বাচনের উৎসব নয়, গ্রেফতার নির্যাতন-নিপীড়নের মাধ্যমে বিরোধী শক্তি নিচিহ্ন করার মহোৎসব চলছে। বিএনপির কয়েকজন লোভী বহিষ্কৃত নেতাদের দিয়ে নতুন নতুন দল তৈরি ও জেলখানায় হত্যা মামলার আসামী শাহজাহান ওমরকে ভাগিয়ে নিয়ে সরকার প্রমাণ করেছে আইন আদালত বলতে কিছু অবশিষ্ট নেই। সরকার যা চায় আদালত, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী তাই করছে। মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও আমীর খসরুসহ অন্যরা সরকারের নির্বাচনে যেতে রাজি না হওয়ায় মিথ্যা ও হয়রানি করতেই কারাগারে রাখা হয়েছে।’
এসময় তিনি দেশপ্রেমিক জনগণ ও রাজনৈতিক শক্তিকে নির্বাচনের নামে তামাশার উৎসব বুমেরাং করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নগর সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ রুম্মান সিকদার, প্রচার সম্পাদক মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, নারীনেত্রী পারভিন আক্তার, মহানগর সদস্য মো: এনামুল হক আকন, রাসেল হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো: মিলন প্রমুখ।
বিজয় নগর পানির ট্যাংকি থেকে শুরু হয়ে মিছিলটি পুরানা পল্টন, পল্টন মোড়, তোপখানা রোড, সচিবালয়, প্রেসক্লাব হয়ে পুরানা পল্টন আল-রাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
প্রেস বিজ্ঞপ্তি
জনতার আওয়াজ/আ আ