সরকার এখন বিদেশিদের কাছে ডলার ভিক্ষা চাচ্ছে: মান্না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সরকার বিদেশীদের হাতে-পায়ে ধরে ডলার ভিক্ষা চাচ্ছে কারণ তাদের এখন রিজার্ভ নাই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, ‘ভাগ বাটোয়ার একতরফা নির্বাচন বাতিলসহ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশ কোন পথে ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, বর্তমানে সরকার খুব সংকটের ভিতরে আছেন। গত ৭ তারিখে ভোট ভোট খেলার বেয়াদবি এ সরকারকে আরো নাজেহাল করে দিয়েছে। সরকার বিদেশের কাছে হাতে-পায়ে ধরে ডলার ভিক্ষা চাচ্ছে কারণ তাদের এখন রিজার্ভ নাই। বর্তমানে সরকার দিশেহারা এ সরকার দেশকে কোনভাবে ভালো রাখতে পারবে না কারণ দেশে তারাই সিন্ডিকেট তৈরি করে ফেলেছে, দেশের বাজার দর তাদের নিয়ন্ত্রণের বাইরে।
তিনি আরো বলেন, গত ৭ তারিখে নির্বাচনে তারা যতই বলুক তারা জয়ী হয়েছে কিন্তু আমি মনে করি ঐ ৭ তারিখের নির্বাচনে তারা পরাজিত হয়েছে আমরাই জয়ী হয়েছি। এদেশের জনগণ আমাদের পক্ষেই আছে ঐদিন এদেশের জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে তারা কেউ ঐদিন ভোট কেন্দ্রে যায়নি।
তিনি আরো বলেন আমরা এখন যে আন্দোলন করছি আমাদের এই আন্দোলনকে আরো বেগবান করতে হবে। জনগণকে আরো জোরদার লড়াই করতে হবে তাহলে এই সরকার ক্ষমতা থেকে নামতে বাধ্য হবে।
বিএনপি’র যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগের ধর্ম হচ্ছে মিথ্যা কথা বলা, কোথায় কোথায় হুমকি দেওয়া, দেশের সম্পদ লুটপাট করে খাওয়া। এদেশের মানুষ খেতে পারল কি পারল না তা নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই। এই শেখ হাসিনার লজ্জা শরম কিছুই নেই। আমরা কোন কর্মসূচি দিলে আওয়ামী লীগ পালটা কর্মসূচি দেয় এই হল তাদের আরেক ধর্ম। আমার কালো পতাকা কর্মসূচি দিয়েছে তারা পাল্টা শান্তি কর্মসূচি নামে অশান্তি কর্মসূচি দেয়।
তিনি বলেন, শেখ হাসিনা প্রায় বলেন এদেশ বর্তমানে আজ উন্নতির শিখরে কিন্তু আমি দেখছি এদেশে বর্তমানে আওয়ামী লীগের উন্নতি হয়েছে, আওয়ামী লীগ আজ ধনী হয়েছে। কিন্তু এদেশের মানুষ পূর্বে যা ছিল তাই রয়ে গেছে এদেশের মানুষের কোন উন্নতি হয়নি। তাই এদেশের মানুষের উন্নতির জন্য আমাদের সম্মিলিতভাবে আন্দোলন করে এই হাসিনাকে পদত্যাগ করাতে বাধ্য করতে হবে।
গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন,সামান্য একজন সেনা কর্মকর্তা থেকে সেনাপ্রধান, সেনাপ্রধান থেকে একজন রাষ্ট্র প্রধান হয়ে মাত্র সাড়ে তিন বছরে এ দেশকে যেভাবে উন্নয়নের শিকড়ে নিয়ে গিয়েছেন তা সকলেরই স্মরণ রাখতে হবে। এ দেশকে উন্নয়নের শিকরে পৌঁছে দিয়েছেন এই নায়ক।
তিনি আরো বলেন, গত ৭ তারিখের নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রিয়তা কি তা আপনারা সবাই জানেন। দিল্লির দাসত্ব করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। তাই এখন সময় এসেছে আমরা একটা স্লোগান তৈরি করি বলি দিল্লি না ঢাকা কি চান আপনারা। আমরা ভারতের সকল পণ্য বর্জন করব এবং ভারতের সকল শো-রুম বন্ধ করে দিতে হবে। ভারত যাতে এদেশে তাদের কোন পণ্য বেচাকেনা করতে না পারে সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে।
তিনি সীমান্তে ডিউটিরত বিজিবি সদস্যদের উদ্দেশ্যে করে বলেন, তোমরা যদি লাশের পরিবর্তে লাশ ফেলতে না পারো, তাহলে তোমরা নিজের ঘরে বউয়ের চুড়ি পরে বসে থাকো।
তিনি গোয়েন্দা সংস্থা কে উদ্দেশ্য করে বলেন, কিছু গোয়েন্দা সংস্থা আছে তারা এই সরকারের অর্থাৎ হাসিনার কথামতো দেশের মানুষের উপর নগ্ন আচরণ করে যাচ্ছেন। তাই সকলকে বলব, এ সরকারি প্রশাসনের কর্মকর্তাদেরকে চিহ্নিত করুন এবং যেমন কুকুর তেমন মুগুর দিয়ে জবাব দিন।
পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী বলেন, এ সরকার ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতায় ফ্যাসিস্ট হতে বাধ্য হয়েছে। আজকে এ সরকার ভারত সরকারের কথামতো দেশ চালাচ্ছে। তাই এ ভারতের হাত থেকে এই দেশকে বাঁচাতে হলে আমাদের সকলকে যৌথভাবে আন্দোলন করতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করাতে বাধ্য করতে হবে। তাহলে এ দেশকে বাঁচাতে পারব বলে আমরা মনে করি।
সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন সভাপতিত্তে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোনল সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ