সরকার কেন এখনো তালবাহানা করে যাচ্ছে : জয়নুল আবদিন ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার কেন এখনো তালবাহানা করে যাচ্ছে : জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যাদের হাত-পা নেই, পঙ্গু, হাসপাতালে ভর্তি রয়েছে, শরীরে রক্ত নেই, খেতে পারে না, তাদের আন্দোলনের কারণে যে সরকারে আপনি (ড. ইউনূস) এখন বসে আছেন, সে সরকার কেন এখনো তালবাহানা করে যাচ্ছে। বিএনপিকে কার কথায় হিংসা করছেন। এই প্রশ্নটা জনগণ জানতে চায়। আমরা তো হিংসা করি না। আমরা হিংসা করার মানুষও না।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও হাসিনা সরকারের আমলে গুম, খুন ও অপহরণে জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ড. ইউনূসকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। গ্রামের মানুষের জন্য গ্রামীণ ব্যাংক করে ইতিহাস সৃষ্টি করে যে নোবেল পেয়েছেন, সেই নোবেলকে নিয়েও হাসিনা পার্লামেন্টে বাজে কথা বলেছিল। আপনাকে পায়ে হাঁটিয়ে সাততলা পর্যন্ত উঠিয়ে মামলার হাজিরা দেওয়ার ব্যবস্থা করেছিল। সেই হাসিনার বিচারও চলুক। আয়না ঘর যারা বানিয়েছে তাদেরও বিচার চলুক। কিন্তু চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বাংলাদেশে আরেকটি চক্র খুব তৎপর হয়ে পড়েছে। সেই চক্রটি হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের কিছু কিছু দোসর আপনার মধ্যে আছে, আপনার সরকারে আছে এদের থেকে সতর্ক থাকুন। অবিলম্বে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।

শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি হিংসা করে খালেদা জিয়াকে জেলে নিয়েছিলেন, কোকোকে বিদেশের মাটিতে মেরে ফেলেছেন। আপনি আসার ১৫ দিনের মাথায় জিয়াউর রহমানকে চট্টগ্রামে মরতে হয়েছে। ১/১১ তে আপনি মঈনুদ্দিনের দয়ায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারলেন। কিন্তু, বেগম খালেদা জিয়াকে একটা দিনের জন্যও ডাক্তারের কাছে পাঠালেন না। অমানুষিক কাজ করেছেন আপনি।

তিনি আরও বলেন, টিউলিপ বলেছে সে নাকি বাংলাদেশি নয়। বাংলাদেশি প্রধানমন্ত্রী হয়ে আপনি (শেখ হাসিনা) বিদেশি নাগরিককে কীভাবে পাসপোর্ট, আইডি কার্ড বানিয়ে দিয়েছেন। কি করে তাকে জমি দিয়েছেন। আপনার (শেখ হাসিনা) দুর্নীতি, স্বজনপ্রীতি পৃথিবীর ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে।

জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ