সরকার দেশের প্রতিটি সেক্টর দলীয়করণ করেছে: আলাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ১৫, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ

সরকার দেশের প্রতিটি সেক্টর দলীয়করণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর দেশে প্রতিদিন কোন না কোন ঘটনা ঘটছে। বঙ্গবাজারে আগুন, নাসিরনগরের পূজা মন্ডপ ভাঙ্চুর, দেশের প্রতিটি জায়গায় আইন-শৃঙ্খলার অবনতিসহ প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শনিবার (১৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, আমাদের নেতাকর্মীরা যখন রাজপথে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ঠিক সেসময় ডিজিটাল সিকিউরিটি কালো আইন করে সকল রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। শুধু তাই নয়, এই আইন সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তারা আজ সত্য ও বস্তুনিষ্ঠ কিছু লিখতে পারছে না। তারা সত্যনিষ্ঠ বক্তব্য লিখলে কিংবা সরকারের বিরুদ্ধে চলে গেলে তাদেরকে গ্রেফতার, গুম এবং মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়। দেশের প্রতিটি সেক্টর দলীয়করণ করেছে। আইন বিচার প্রশাসনসহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে।
তিনি বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে এই সরকার। ব্যাংক বীমাগুলো শূন্য করে ফেলেছে। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। আমরা দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, তারা যেন আগামীতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। শেখ মুজিবের ছয় দফার মধ্যে ছিল নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালিত হবে কিন্তু তার কন্যা কি করছে? বিনা ভোটে ক্ষমতায় থাকছে এবং আগামীতে যাতে আবার একই কায়দায় দিনের ভোট রাতে করে ক্ষমতায় যাওয়া যায় সে বিষয়গুলো পাকাপোক্ত করতে চায়। দেশের মানুষ আর সেটি করতে দেবে না।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত সভায় বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার আ স ম মেজবাহউদ্দিন, ডা. আওলাদ হোসেন শিল্পী ও যুব জাগপার সভাপতি মীর আমীর হোসেন আমু প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ