সরকার শ্রমিকদের জন্য যা করেছে, অন্য সরকার তা করেনি: শেখ পরশ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার শ্রমিকদের জন্য যা করেছে, অন্য সরকার তা করেনি: শেখ পরশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বর্তমান শ্রমিকবান্ধব সরকার শ্রমিকদের জন্য যা করেছে, অন্য কোন সরকার তা করতে পারে নাই।

বুধবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে নগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে বেলা ২টায় বাটা সিগনাল মোড়, এলিফ্যান্ট রোডে এবং বিকাল ৪টায় নগর যুবলীগ উত্তরের উদ্যোগে মিরপুর-১ গোলচত্বরে তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি, তরমুজ, স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণকালে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি। এসময় দক্ষিণে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা এবং উত্তরে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনু।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, আজকে মহান মে দিবস। এই মে দিবসে প্রথমে স্মরণ করতে চাই, সেই সকল শ্রমজীবী মানুষদের যারা আমাদের মত “গাড়িঘোড়া চড়ার” লোভ করে না, যাদের স্বপ্ন শুধু মাত্র ন্যায্য এবং মৌলিক অধিকারগুলো আদায় করার মাধ্যমে মর্যাদার সাথে বেঁচে থাকা। একটি ভালো পোশাক আর তিনবেলা দু’মুঠো খাবার, আর রাতে ঘুমাবার জন্য একটা ঘর, এসবই অগণিত শ্রমজীবী মানুষের কাছে ‘স্বাধীনতা’র সমার্থক। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমেই বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় এদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে, কথা বলেছে।

যুবলীগের চেয়ারম্যান বলেন, আমরা দেখেছি ১৯৭৫-এর পর দেশের স্বাধীনতাবিরোধী অপশক্তির দীর্ঘ সামরিক স্বৈরশাসন আমলে এদেশের খেটে-খাওয়া সাধারণ মানুষকে নিষ্পেষিত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। ওদের সেই দুর্বিষহ শাসনামলে স্বাধীন সার্বভৌম গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশে নির্যাতিত হতদরিদ্র মানুষদের দীর্ঘশ্বাস আকাশে-বাতাসে প্রকম্পিত হয়েছে। সেই অভিশপ্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে আমাদের প্রজন্ম বেড়ে উঠতে বাধ্য হয়েছে। স্বৈরশাসকদের আমলে দু’মুঠো ভাতের জন্য শিশুদের পরিণত হতে দেখেছি সামান্য অর্থের বিনিময়ে মীমাংসার বলি হতে। আজকে সেই প্রতিক্রিয়াশীল মহলের প্রেতাত্মারা দেশে-বিদেশে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার করছে। একটা নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্তে ওরা মত্ত। আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরেও, ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরেও আমাদের নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে অবিরাম মিথ্যাচার এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই দেশি-বিদেশী প্রতিক্রিয়াশীল চক্র।

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য যুগান্তকারী কাজ করছে বর্তমান সরকার। আরও যে কাজ করার যে সুযোগ রয়েছে, সেটা সবাই স্বীকার করবে। শ্রমিকদের জীবন মানেরও উন্নয়নে যুগান্তকারী কাজ করেছে বর্তমান সরকার, যার জলজ্যান্ত একটা নিদর্শন পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত বিভিন্ন ভবনসমূহ। শ্রমিকদের কাজের উন্নত পরিবেশও খুব দরকার। বর্তমান শ্রমিকবান্ধব সরকার শ্রমিকদের জন্য যা করেছে, অন্য কোন সরকার করতে পারে নাই। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, এদেশের খেটে-খাওয়া কর্মজীবী মানুষরাই আমাদের সকল শক্তির উৎস।

তিনি আরও বলেন, আজকে ধন্যবাদ জানাতে চাই, জননেত্রী শেখ হাসিনাকে, এই গরমের মধ্যেও লোডশেডিং সহনীয় পর্যায় রেখেছেন। যদিও বর্তমান সরকারের আমলে শ্রমিকদের আয় রেকর্ড বুদ্ধি পেয়েছে কিন্তু বাজার দ্রব্যমূল্য অনুপাতে এবং বিবেচনা সপেক্ষে ন্যায্য মজুরি নিশ্চিত করা সরকার এবং এর মাধ্যমে সমাজের আয়-বৈষম্যও দুর করা সম্ভব।

আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি বলেন, তীব্র এই তাপদাহে গোটা বাংলাদেশের মানুষ যখন অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বিগত কয়েক দিন সারা বাংলাদেশে যুবলীগের নেতা-কর্মীরা সুপেয় পানি, খাবার স্যালাইন, ছাতা, রসালো ফল নিয়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আজ মহান মে দিবসে নগর দক্ষিণ যুবলীগ ও নগর উত্তর যুবলীগের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন, সুপেয় পানি, তরমুজ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে। এই প্রাকৃতিক দুর্যোগের সময় যুবলীগের নেতাকর্মীরা বসে নেই। তারা সাধারণ মানুষের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী আছে বিএনপি-জামায়াত তারা এই দুর্যোগের দিনে মানুষের পাশে না দাড়িয়ে কিভাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ক্ষতি করা যায়, দেশের মানুষের ক্ষতি করা যায়, কিভাবে সরকারের পতন ঘটানো যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা এদেশের খেটে-খাওয়া সাধারণ মানুষ, আবাল-বৃদ্ধ-বণিতা শেখ হাসিনার কথা বলে। শেখ হাসিনার পতন ঘটানো তাদের পক্ষে সম্ভব নয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ